২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ ঠেকাতে সব মুসলিম দেশের ঐক্য চান পরিকল্পনামন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো ‘বৈশ্বিক সংকট’ মোকাবেলায় বিশ্ববাসী বিশেষ করে মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 12:38 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনোমিক ফোরাম (ডব্লিউআইইএফ) এর ১২তম ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক ও ডব্লিউআইইএফ এর চেয়ারম্যানসহ বিশ্বের বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্র প্রধান বক্তব্য দেন।

বাংলাদেশের প্রতিনিধি মুস্তফা কামাল তার বক্তব্যে বলেন, “ইসলাম শান্তির ধর্ম। যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস করছে তারা মুসলিম উম্মাহর ভাবমূর্তি এবং মহান ধর্ম ইসলামকে খাটো করার অশুভ উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

“কোনোদেশ ও রাষ্ট্রের একার পক্ষে এ কঠিন সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়, বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে এ সংকট মোকাবেলায় কাজ করতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে বিভিন্ন অগ্রগতি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “বৈশ্বিক মন্দা সত্ত্বেও অর্থনীতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে।”

বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ ৩২তম শক্তিশালী দেশ। মন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রশংসা করেন এবং দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ ও উদার বাণিজ্য নীতি তুলে ধরেন।

উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মুস্তফা কামলা।।

পরিকল্পনামন্ত্রী ডব্লিউআইইএফ এর সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলাদা আলাদা বৈঠক করেন। বৈঠককালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলেও মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।