২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র নিখোঁজ

ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি বিবিএ শেষ করা এক ছাত্র চট্টগ্রাম থেকে সোমবার নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

নিখোঁজ জুনায়েদ হোসেন আকিব (২৫) খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার ভাতিজা। চট্টগ্রাম নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় তাদের বাসা।

জুনায়েদের নিখোঁজের কথা জানিয়ে সোমবার রাতে নগরীর খুলশী থানায় একটি জিডি করা হয়েছে।

ভগ্নিপতি এসএম আবুল মনজুরের করা জিডিতে বলা হয়, সোমবার দুপুরে জুনায়েদ আগ্রাবাদ পাসপোর্ট অফিস থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এক বন্ধুকে ওয়াসার মোড়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এরপর থেকে জুনায়েদ ও তার গাড়িচালক মো. মোস্তফার (৩০) কোনো খোঁজ মিলছে না।

দুজনের মোবাইলও বন্ধ জানিয়ে মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি, দুপুরে গরীব উল্লাহ শাহ মাজার এলাকায় অপর একটি প্রাইভেট কারের সাথে জুনায়েদকে বহনকারী গাড়ির ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে ওই গাড়ির যাত্রীদের সাথে তাদের বাক-বিতণ্ডা হয়। 

“এসময় ওই গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে গাড়ি মেরামত করে দেওয়ার কথা বলে তাদের গাড়িতে উঠেছে এবং খুলশীর দিকে গাড়িটি চলে গেছে বলে স্থানীয় লোকজন আমাদের জানিয়েছে।”

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে।