শওকত আলীর বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর লেখা ‘গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানে ওই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সাবেক সহকর্মী শওকত আলীর বই সম্পর্কে বলেন, “সংসদীয় গণতন্ত্রের জন্য এ ধরনের বই অত্যন্ত উপযোগী। নতুন সংসদ সদস্যদের দায়িত্ব পালনে এ বইটি সহায়ক হবে।”
‘গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদ’ বইতে সাবেক সেনা কর্মকর্তা শওকত আলী তার সংসদীয় জীবেনর বিভিন্ন ঘটনার সম্পর্কে লিখেছেন। এছাড়া গণপরিষদের সকল সদস্যের নামের তালিকাও বইতে রয়েছে।
৩৩৬ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
গত নবম সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্বে ছিলেন শওকত আলী। রাষ্ট্রপতি আবদুল হামিদ তখন ছিলেন সংসদের স্পিকার।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “বর্তমান ও আগামী প্রজন্মের কাছে ৭০ এর নির্বাচন, গণপরিষদ, সংবিধান প্রণয়নের ইতিহাস সম্পর্কে জানতে বইটি মূল্যবান ভূমিকা রাখবে।”
রাষ্ট্রপতি এসময় স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় তৎকালীন ডেপুটি স্পিকার শওকত আলীর সঙ্গে কাজের বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
রাষ্ট্রপতি সংসদ সদস্যদের বই পড়ার অভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শওকত আলী, আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি এবং লেখকের ছেলে খালেদ শওকত আলী।
শওকত আলীর পরিবারের সদস্যরা ছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
