ভারতে মুসলিমদের দরকার ‘সংগঠিত দল’
ভারতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চেয়ে মুসলিমরা রাজনৈতিক ক্ষমতায়নে পিছিয়ে আছে দাবি করে তাদের আলাদা দল নিয়ে সংগঠিত হওয়ার উপর জোর দিয়েছেন দেশটির এক অধ্যাপক।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এক অনুষ্ঠানে ভারতের উত্তরখণ্ডের কাশিপুরের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট’ এর অধ্যাপক কে এম বাহারুল ইসলাম তার দেশের রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণের চিত্র তুলে ধরে এই এই মত জানান।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসামের বাংলাভাষী একটি রাজনৈতিক পরিবারের সন্তান বাহারুল বলেন, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার থাকলেও ভারতে ভোটের রাজনীতিতে তা কৌশলগতভাবে কাজে লাগাতে পারছে না মুসলিমরা।
তিনি জানান, গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৭২ কোটি ৪০ লাখ ভোটার ছিল। আর ভারতের জনসংখ্যার ১৩ দশমিক ৭ শতাংশ মুসলিম।
৫৪৩ এমপির লোকসভার ১৮৩ আসনে মুসলিম ভোটার সংখ্যা ১০ থেকে ৩০ শতাংশ এবং ৩৫টি জেলায় মুসলমানদের সংখ্যা ৩০ শতাংশের মতো বলে জানান এই অধ্যাপক।
তিনি বলেন, ১২ ভাগ দলিত ভোট নিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মায়াবতী। তিনি এই ১২ ভাগ ভোট তাদেরকে দিয়েছেন, যারা জিততে চায়।
“যেমন তিনি এমন এক ব্রাহ্মণকে দলে নিয়ে এসে এই ১২ ভাগ ভোট দিয়েছেন, যার হাতে ৩০ ভাগ ভোট রয়েছে। এটা তিনি মুসলিমদের সঙ্গেও করেছেন। তিনি সর্বোচ্চ সংখ্যক মুসলিমকে প্রার্থী বানিয়েছেন।”
তবে এসব দলের মাধ্যমে মুসলিমরা নির্বাচিত হলেও সম্প্রদায়ের অবস্থান থেকে কোনো লাভ হয় না বলে মনে করেন বাহারুল।
তবে ভারতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার বিপদের দিকটি তুলে ধরার সঙ্গে নিরুপায় অবস্থার কথাও বলেন তিনি।
“যদি পাঁচজন মুসলিম একত্রিত হয়, তাহলে সব সময় এর বিরুদ্ধে ২৫ জন হিন্দু একত্রিত হয়ে যাবে। তাই তোমার আর কিছু নাই। যেহেতু তুমি মুসলিম, তাই তোমাকে হয় বিজেপিকে পরাজিত করতে লালুপ্রসাদ যাদবকে নির্বাচিত করতে হবে। অথবা মনমোহন সিংকে।”
বাহারুল বলেন, “কাকতাড়ুয়া পলিসি মুসলমানদের তাড়িয়ে বেড়ায়। সুতরাং আপনি নরেন্দ্র মোদীকে দেখিয়ে সব মুসলিমকে বলবেন- দেখ, এখানে ভুত আছে, তোমাকে মেরে ফেলবে, সুতরাং এদিকে সেদিক যেও না, কংগ্রেসে আসো। অথবা লালু যাদব বা মুলায়ম সিং যাদবের কাছে আসো।
“তার মানে হচ্ছে, তুমি চড়ুই থেকে যাচ্ছ। তোমার একটা সেইফ হাউজ থাকবে, কিন্তু সেটা অন্যের ভবনে। বাবুই হতে পারবে না।”
মুসলিমদের রাজনৈতিক দল গড়ার প্রয়াস থাকলেও তা নিরুৎসাহিত করা হয় বলেও দাবি করেন তিনি।
“ভারতে সব কমিউনিটির রাজনৈতিক দল রয়েছে। শিখ, বোড়ো, দলিত, যাদব, বিহারের মাঝি সম্প্রদায়, মালহারদেরও রাজনৈতিক দল রয়েছে। কেবল মুসলমানদের কোনো দল থাকতে পারবে না।
“মনে করা হয়, মুসলমানদের একটা মাত্র রাজনৈতিক দল ছিল, সেটা হচ্ছে মুসলিম লীগ এবং সেটা পাকিস্তান বানিয়েছে। সুতরাং তুমি আর কোনো রাজনৈতিক দল করতে পারবে না।”
অধ্যাপক বাহারুলের প্রবন্ধের উপর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ভারতের মুসলিমদের বেশ কিছু রাজনৈতিক দল থাকলেও সেগুলো কার্যকর নয়, ব্যর্থ। যে অর্থে প্ল্যাটফরম বোঝায়, সেটা এখনও তৈরি করতে পারেনি। তারা মূলত বিজেপি, কংগ্রেসের দিকে তাকায়, বা বিভিন্ন আঞ্চলিক দলে যায়।
“ভোট ব্যাংক পলিটিকস বিজেপি ও কংগ্রেস কীভাবে করছে, এর মাধ্যমে যে সাফারিংসে পড়ছেন মুসলমানরা, মুসলিম দলগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না।”
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক সাদেকা হালিম ভারতের অধ্যাপকের এই প্রবন্ধের আলোকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
“মুসলিম লীগ দেশ বিভাগে বড় ভূমিকা রেখেছিল, সেখান থেকে আমরা পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ হয়েছি। আমাদের বড় দুটি রাজনৈতিক দলের একটি সেখান থেকে এসেছে। আমরা সেই প্রভাব থেকে কতটুকু মুক্ত হয়ে প্রগতিশীল হয়েছি। আমরা আমাদের দেশে সংখ্যালঘুদের সাথে কেমন ব্যবহার করছি। এই ধরণের বিশ্লেষণ আমাদেরও করা উচিৎ।”
ভারতের মুসলিম নেতারা ‘মোটামুটি ধর্মনিরপেক্ষ’ বলে প্রবন্ধকারের বক্তব্যের বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে সাদেকা হালিম বলেন, “কিন্তু আমরা সাহিত্য পর্যালোচনা করতে গিয়ে দেখেছি, সেখানে শরীয়া আইন খুবই শক্তিশালী। সেখানে নারীদেরকে নির্যাতিত হতে হয়।
“গঠনমূলকভাবেও দেখতে চাইলেও এটা আমরা দেখব।”
