২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসিকেও চাঁদা দিতে হয়

বাস মালিক সমিতির চাঁদাবাজি থেকে সরকারি সার্ভিস বিআরটিসির বাসও রেহাই পায় না বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক প্রতিবেদনে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 09:37 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

এতে বলা হয়েছে, দেশের প্রায় সব বাস ডিপোতেই চাঁদা দিতে হয়, না হলে গাড়িতে যাত্রী তুলতে দেওয়া হয় না।

আর এ কারণেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সার্ভিস থেকে কাঙিক্ষত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না বলে সংসদীয় স্থায়ী কমিটির এক উপ-কমিটির ওই প্রতিবেদনে বলা হয়েছে।

নারী যাত্রীদের চলাচলে হয়রানির শিকার হওয়ার তথ্য জানিয়ে প্রতিবেদনে বলা হয়, নারী যাত্রীদের বাসে ওঠানো ও নামানোর ক্ষেত্রে বাসের কনট্রাক্টর ও চালকের সহকারীদের অহেতুক তাদের শরীর স্পর্শ করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

মালিক সমিতির এই চাঁদাবাজি এবং যাত্রী ওঠানোর সময় প্রতিবন্ধকতা বন্ধে স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতাও পাওয়া যায় না বলে এতে উল্লেখ করা হয়েছে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে উপ-কমিটির ওই প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। 

জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নেতৃত্বে গঠিত ওই উপ-কমিটির অন্য সদস্যরা হলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ ও মো. মনিরুল ইসলাম।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নাজমুল হক প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাব-কমিটি দেশের বিভিন্ন স্থানের বাস ডিপোগুলো সরেজমিনে পরিদর্শন করে এই প্রতিবেদন তৈরি করেছে। তৃণমূলের সমস্যা তুলে আনা হয়েছে। সারাদেশেই বাস মালিক সমিতির পক্ষ থেকে বিআরটিসির বাস চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”

প্রতিটি ডিপোর ক্ষেত্রেই অনিয়মের অভিযোগের কথা জানিয়ে প্রতিবেদনে গাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতে অনিয়মের কথা বলা হয়।

“কোনো চালু গাড়ির  যন্ত্রাংশ নষ্ট হলে অচল গাড়ি থেকে পার্টস নিয়ে লাগানো হয় এবং ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়।”

বাস পরিচালনায় ‘চুঙ্গির’ প্রচলন এখনও রয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, “একটি গাড়ি প্রতি ট্রিপে তিন হাজার টাকা আয় করলেও দেখানো হয় দেড় হাজার টাকা। এটাকে চুঙ্গি বলা হয়।

“এ বিষয়ে বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের কাছে কমিটি জানতে চাইলে বলা হয়, মালিক সমিতিকে চাঁদা দেওয়াসহ অন্য খরচ মেটাতেই চুঙ্গির প্রচলন রয়েছে।”

এসব সমস্যার সমাধানে কয়েকটি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে: প্রতিটি ডিপো ব্যবস্থাপককে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় বৈঠকের সদস্য করা,  বিআরটিসির দেওয়া লিজ বাতিল করে প্রতিষ্ঠিত পরিবহন কোম্পানিগুলোকে লিজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তারা গাড়ির কনট্রাক্টর ও চালকের সহাকারীদের নৈতিক শিক্ষায় আনার পরামর্শ দেওয়ার পাশাপাশি মালিক সমিতির চাঁদাবাজি প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাধারণ যাত্রীদের সমন্বয়ে ‘বিআরটিসি যাত্রী সেবা সংঘ’ নামে সংগঠন গড়ে তোলারও সুপারিশ করেছে।

এসব উদ্যোগে মালিক সমিতির চাঁদাবাজিসহ অন্যান্য সংকট এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সংসদীয় কমিটি।

বৈঠক সম্পর্কিত সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী জেলা সদরের সঙ্গে সংযুক্ত রাস্তাগুলোকে ২৪ ফুট থেকে ৩০ ফুট এবং থানা সদরের সঙ্গে সংযুক্ত রাস্তাগুলো ১৮ ফুট থেকে ২৪ ফুট করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা অংশ নেন।