২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি তৎপরতা সত্ত্বেও কমবে না বিদেশি পর্যটক: মেনন

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা ‘বৈশ্বিক সমস্যা’ সমস্যা হওয়ায় বাংলাদেশে বিদেশি পর্যটক আসা কমবে না বলেই মনে করছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার সচিবালয়ে বিমান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

বাংলাদেশের পর্যটন সম্ভাবনা প্রতিদিনই বিস্তৃত হচ্ছে জানিয়ে মেনন বলেন, আন্তর্জাতিক পর্যটক নিয়ে ধারণা হয়েছে, এতবড় দুর্ঘটনায় পর্যটক কমে যাবে।

“আমাদের অভিজ্ঞতা হচ্ছে, ২০১৫ সালে যখন দুজন বিদেশিদের হত্যা করা হলো… ২০১৪ সালের চেয়ে ওই বছর পর্যটক বেশি এসেছে। এই ঘটনাগুলো আমাদের দেশের একমাত্র ঘটনা নয়, এটা বৈশ্বিক ঘটনা।”

জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারের সক্ষমতা রয়েছে দাবি করে মেনন বলেন, ‍“আমরা ট্যুারিস্ট পুলিশ করেছি, তারা তৎপর রয়েছে। ইতোমধ্যেই ট্যুরিস্ট পুলিশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে, ট্যুরিস্টদের জীবন রক্ষা করতে গিয়ে একজন নিহতও হয়েছেন।

“এর বাইরে জেলা পুলিশও পর্যটকদের সহযোগিতা দিচ্ছে। হোটেল-রেস্টুরেন্টেগুলোকে বিশেষভাবে অনুরোধ করেছি তারাও যেন নিরাপত্তার বিষয়টি দেখে।”

ডিসিরা দেশে পর্যটনের সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন জানিয়ে মন্ত্রী বলেন, বরিশালের ডিসি জানিয়েছেন, তারা মোবাইল অ্যাপস করেছেন যার মাধ্যমে ওই বিভাগের পর্যটন সম্পর্কে জানা যাবে। সব বিভাগে এ ধরনের অ্যাপস করতে মন্ত্রিপরিষদ সচিব নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের তথ্য পাওয়ার সুবিধার্থে প্রতি জেলায় পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব পর্যটন কেন্দ্রের সঙ্গে সংযোগ সড়ক নেই সেসব পর্যটন কেন্দ্রে পর্যায়ক্রমে সংযোগ সড়ক স্থাপন করা হবে।

এছাড়া বিমানবন্দর, পর্যটন কেন্দ্র এবং রিসোর্টগুলোতে নিরাপত্তার স্বার্থে পরিবীক্ষণ জোরদার করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যুরিস্ট পুলিশের সক্ষমতাও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।

“পর্যটকদের সুবিধার্থে গুগল ম্যাপের সঙ্গে সংযুক্ত করে মোবাইল ফোনে ব্যবহার উপযোগী অ্যাপস তৈরি করা হবে।”

আরও ১২ পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক

আরও ১২টি পণ্যে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়ে শিগগিরই আদেশ জারি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তিনি বলেন, ছয়টি পণ্যে বাধ্যতামূলক প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়ন করেছি। যার ফলে অভ্যন্তরীণভাবে পাটের ব্যবহার ২০ ভাগ বেড়েছে।

আরও ১২টি পণ্যে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানিয়ে আজম বলেন, এর ফলে মোট ১৮টি পণ্যে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। এটা বাস্তবায়ন করতে পারলে দেশে উৎপাদিত পাটের ৪০ ভাগ দেশে ব্যবহার হবে।

ডিসিরা পাটবীজের সংকটের কথা জানিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যেই এই সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

জামালপুরে পাটবীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বিমান ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অধিবেশনে উপস্থিত ছিলেন।