২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ে ডিসিদের আরও তদারকি চাইলেন মন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে এসব বিদ্যালয়ে তদারকি বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 10:09 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

সচিবালয়ে মঙ্গলবার ডিসি সম্মেলেনের প্রথম দিন প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে ডিসিদের এই নির্দেশ দেন মন্ত্রী।

পরে ফিজার সাংবাদিকদের বলেন, “পরীক্ষা নেওয়া, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন কাজ আমরা জেলা প্রশাসকদের সহযোগিতায় করি। পাঠদানের নিয়ম-অনিয়ম মনিটর করতে তাদের বলেছি।

“বিভিন্ন জায়গায় বলা হয়, সরকারি প্রাথমিকের মান আরেকটু বাড়ানো দরকার। মানুষের যে আকাঙ্ক্ষা তা পূরণ করতে পারছি না- বিভিন্ন জায়গায় এমন কথা আসছে।”

প্রাথমিক বিদ্যালয়ে তদারকি সংক্রান্ত কাজগুলোকে আরও যত্নের সঙ্গে করার জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে বলে জানান মন্ত্রী।

“আমরা (ডিসিদের) বলেছি, আমাদের শিক্ষকদের মানোন্নয়ন করছি… তাদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। সব সুবিধা বাড়াবার পরেও কেন এই কথা শুনব, কিন্ডারগার্টেন ভাল পারে আমাদেরটা ভাল পারে না।

“আমি মনে করি আমাদের তদরকির অভাব আছে। উনাদের (ডিসি) কাজগুলো আরও যত্নের সাথে করার কথা বলেছি।”

ফিজার বলেন, “আমি কাউকে কাজ দিয়ে চলে গেলাম, কাজটি মনিটরিং করলাম না, সে কাজটি ফাঁকি হয়ই তো। ফাঁকি দেওয়ার প্রবণতা সমাজের অনেকেরই আছে, আমার থাকতে পারে, শিক্ষকের থাকতে পারে, আর কারো মধ্যে থাকতে পারে।”

মানসম্মত শিক্ষা নিশ্চিতে ডিসিরা বিদ্যালয়ের অবকাঠামোগত ও শ্রেণি কক্ষ সমস্যা এবং ঝরেপড়া রোধে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বলে জানান গণশিক্ষা মন্ত্রী।

এছাড়া শিক্ষক স্বল্পতা, উপবৃত্তিভোগীর সংখ্যা আরও বাড়ানো এবং ঝরেপড়াদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ডিসিরা কথা বলেছেন বলে জানান ফিজার।

তিনি বলেন, “আমাদের যেটা করণীয়, সেটা তো আমরা করবই। ডিসিরা যেগুলো অ্যাড্রেস করেছেন, আমাদের সীমাবন্ধতার মধ্য দিয়েই আমরা করব।”

ইদানিংকালে জঙ্গিবাদ ও উগ্র মতাদর্শে স্কুল-কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার কয়েকটি ঘটনা বের হয়ে আসার প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী ফিজার।

“জঙ্গি হামলার বিষয়েও কথা হয়েছে। আমরা ইতোমধ্যে সব বিদ্যালয়কে বলেছি, শিশুদের জঙ্গিবাদ এবং কোন কাজটা ভাল, কোন কাজ ভাল না সেটা বোঝাতে।”

মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই কার্যাধিবেশনে গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম উপস্থিত ছিলেন।