২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইনুর বক্তব্য ধরে রিট আবেদন ইউনুছের

প্রকল্পে দুর্নীতি নিয়ে বক্তব্যের জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেও তার কথা ধরে আদালতে একটি রিট আবেদন করেছেন আইনজীবী ইউনুছ আলী আখন্দ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 05:28 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার হাই কোর্টে করা এই রিট আবেদনে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ নিয়ে (টিআর)মন্ত্রীর অভিযোগ তদন্তে একটি বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

গত রোববার ঢাকায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ইনু টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দের অধিকাংশই লুটপাট হয়ে যায় বলে মন্তব্য করেন। এই দুর্নীতির জন্য তিনি প্রধানত সংসদ সদস্যদের দায়ী করেন।

Image
হাসানুল হক ইনু

হাসানুল হক ইনু

ওই বক্তব্য নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সমালোচনার মুখে দুঃখ প্রকাশের পর সংসদ সদস্যদের দাবির মুখে ক্ষমা প্রার্থনা করেন ইনু, প্রত্যাহার করেন তার বক্তব্য।

তার একদিন বাদে ওই বক্তব্য ধরে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন নিয়ে যান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আকন্দ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর বেঞ্চে বুধবার আবেদনটি উপস্থাপন করা হবে।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিট আবেদনের একটি কপি তাদের হাতে এসেছে। বিষয়টি কার্যতালিকায় আসার পর শুনানি হবে।

সংসদ সদস্যদের মাধ্যমে কাবিখা ও টিআর কার্যক্রম পরিচালনা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এই রুলও চেয়েছেন ইউনুছ আখন্দ।

Image
ইউনুছ আলী আকন্দ

ইউনুছ আলী আকন্দ

সংসদ সদস্যদের বাদ দিয়ে কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় খাদ্য/দ্রব্যাদি ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের মাধ্যমে প্রান্তিক গোষ্ঠীর কাছে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চেয়েছেন তিনি।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, খাদ্য সচিব, স্থানীয় সরকার সচিব, অর্থসচিব, ‍দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, কৃষি সচিব ও অর্থ সচিবসহ সাতজনকে।

জনস্বার্থে বিভিন্ন রিট আবেদনকারী ইউনুছ আকন্দ তার এই আবেদনের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা। কাবিখা ও রিলিফ বরাদ্দ তাদের কাজ হতে পারে না।

“সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুসারে আইন অনুসরণ ছাড়া ব্যতিক্রম কিছু করা যাবে না। সংবিধানের ৫৯ অনুচ্ছেদে আছে ওইসব কাজ করবে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। এসব যুক্তিতে রিট আবেদনটি করা হয়।”

পুরনো খবর:

‘চুরি’তে সবাই, দাবি ইনুর
সংসদে ইনুর ক্ষমা প্রার্থনা