সন্ত্রাসবাদ: বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষার্থীরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়াতে না পারে সেজন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সাইফুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিন আলাদাভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে আবদুল হামিদ তাদের এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষকে শিক্ষার মান ঠিক রাখার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা করতে পারে।”
তিনি বলেন, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন, যাতে শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়াতে না পারে।
অধ্যাপক সাইফুল ইসলাম তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা চান।
সাক্ষাতের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাবর্তনে রাষ্ট্রপতিকে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানান বলে প্রেস সচিব জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
