২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি হেলালের আপিলের রায় ২৭ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হেলালউদ্দিনের আপিলের রায় জানা যাবে ২৭ জুলাই।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির দুই পক্ষের শুনানি শেষে রায়ের এই তারিখ ঠিক করে দেন বলে কাদেরের আইনজীবী  মুনজুর আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাকিম আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছরের জুন মাসে আপিল করেছিলেন ওসি হেলাল।

চাকরি থেকে সাময়িক বরখাস্ত হেলাল বর্তমানে হাই কোর্ট থেকে জামিনে রয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কাদের এখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের প্রভাষক।

হেলাল ঘটনার খিলগাঁও থানার ওসির দায়িত্বে ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়ার পর তাকে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের তৎকালীন ছাত্র কাদেরকে আটকের পর তাকে ছিনতাইকারী হিসেবে দেখানোর জন্য থানায় নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন ওসি হেলাল। কিন্তু স্বীকারোক্তি না পেয়ে চাপাতি দিয়ে তার পায়ে আঘাত করেন।

ওই মামলার রায়ে গতবছর ১৭ মে হেলালকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ। পাশাপাশি হেলালকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন তিনি।

রায়ের সময় অনুপস্থিত হেলাল উদ্দিনের পক্ষে তার আইনজীবী সাইদুর রহমান সময়ের আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করে হেলালকে পলাতক দেখিয়েই এ রায় ঘোষণা করেছিলেন।

রায়ে বলা হয়েছিল, পুলিশের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া। সেই পুলিশ যদি নির্যাতন করে তা নিন্দনীয়, অমানবিক এবং দায়িত্বের চরম অবহেলা।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৬ জুলাই খালার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফেরার পথে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে সাদা পোশাকের পুলিশ কাদেরকে আটক করে। কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে পরিচয় দেওয়ার পরও তাকে নিয়ে যাওয়া হয় খিলগাঁও থানায়।

ওই থানার তখনকার ওসি হেলাল তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য মারধর করেন। এক পর্যায়ে থানার টেবিলে রাখা একটি চাপাতি নিয়ে ‘দেখি তো চাপাতিতে ধার আছে কি না’ বলে কাদেরের বাঁ পায়ের পেছন দিকে মাংশ পেশিতে আঘাত করেন।

গুরুতর আহত কাদেরকে এরপর দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয়। এরইমধ্যে ২১ জুলাই তাকে মোহাম্মদপুর থানার একটি গাড়ি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে খিলগাঁও থানার অস্ত্র ও ডাকাতি চেষ্টার দুটি মামলায় আসামি করা হয় তাকে, যদিও এসব মামলার এজাহারে তার নাম ছিল না।

Image
.

.

আবদুল কাদেরকে নির্যাতনের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিলেন ওই থানার কনস্টেবল আবদুল করিম।

তিনি জবানবন্দিতে বলেছিলেন, ঘটনার দিন তিনি রাত ৪টা থেকে ৬টা পর্যন্ত ডিউটিতে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে এসআই আলম বাদশা কাদেরকে আটক করে থানায় নিয়ে যান। ডিউটি অফিসার মো. আসলামের নির্দেশে তাকে হাজতে আটক রাখা হয়।

পরদিন থানায় এসে ওসি হেলাল লকার খুলে কাদেরকে তার কক্ষে নিয়ে যেতে বলেন। ওসি হেলালের কক্ষে রেখে এসে কনস্টেবল করিম কিছুক্ষণ পর কাদেরের চিৎকার শুনতে পান এবং গিয়ে দেখেন, ওই শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন; তার বাঁ পা রক্তাক্ত।

মামলার অপর সাক্ষী খিলগাঁও থানার তখনকার ডিউটি অফিসার এসআই আসলাম মিয়াও আদালতে জবানবন্দিতে একই কথা বলেন।

কাদেরের ওপর পুলিশি নির্যাতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি গণমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়। এরপর হাই কোর্টের নির্দেশে একটি তদন্ত কমিটি করে পুলিশ।

এ বিষয়ে তদন্তের মধ্যেই হাই কোর্টের নির্দেশে খিলগাঁও থানার তখনকার ওসি হেলালউদ্দিন এবং কাদেরকে গ্রেপ্তারের অভিযানে যাওয়া এসআই আলম বাদশাহ ও এএসআই শহীদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশের তদন্তে তিন মামলাতেই নির্দোষ প্রমাণিত হন কাদের। এরপর আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২০১২ সালের ২৩ জানুয়ারি তিনি ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।

ওই বছর ২৬ মার্চ আসামি হেলালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন এ মামলার তদন্ত কর্মকর্ত উপ-পরিদর্শক মো. আবু সাঈদ আকন্দ। ২০১২ সালের ১ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মুনজুর আলম, মোহাম্মদ গাফফার হোসেন ও শুভ্র সিনহা রায়।

রাষ্ট্রপক্ষ এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ১৩ জন সাক্ষী উপস্থাপন করে।

পুরনো খবর:

ঢাবি ছাত্র নির্যাতন: সেই ওসি হেলালের জেল