২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে আত্মসমর্পণ, পরে আপিল: দুদক আইনজীবী

মুদ্রা পাচার মামলায় দোষী সাব্যস্ত করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা তারেক রহমান আপিল করতে চাইলে তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌসুঁলি খুরশীদ আলম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 03:00 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে এই মামলার রায়ে বৃহস্পতিবার তারেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ।

রায়ের প্রতিক্রিয়ায় বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করে অনুলিপি হাতে পেয়ে আলোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারেকের আইনজীবীরা।

তবে রায়ের পর দুদকের কৌসুঁলি খুরশীদ সাংবাদিকদের বলেন, তারেক রহমান যেদিন গ্রেপ্তার হবেন বা আত্মসমর্পন করবেন, সেদিন এই রায় কার্যকর।

“আদালত পুলিশকে ডাইরেকশন দিয়েছেন, দুদককে ডাইরেকশন দিয়েছেন ওনাকে (তারেক) গ্রেপ্তার করার জন্য।”

তারেক রহমান আপিল করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘উনি আপিল করতে পারবেন, যদি সারেন্ডার করে জেলে যান। সেটা ৩০ দিনের মধ্যে করতে হবে।”

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা।

এই রায়ের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার দেওয়া রায়ে মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রাখলেও তাকে অর্থদণ্ড ৪০ কোটি টাকা থেকে কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

দুদক কৌসুঁলি খুরশীদ আলম বলেন, অর্থ পাচার আইনের ১৩(২) ধারায় পলাতক তারেককে দণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত;… পর্যবেক্ষণে বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের ফলে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অপরাধগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পযায় থেকে হচ্ছে।

২০০২ সালে মুদ্রা পাচার আইন হওয়ার পর দুদক ৫০টির বেশি মামলা পরিচালনা করছে, যার মধ্যে প্রথম কোনো মামলায় হাইকোর্ট বিভাগের রায়ে দুদকের আবেদন বহাল রইলো বলে জানান তিনি।

“হাইকোর্ট বলেছে, এখন সময় আসছে নতুন করে চিন্তা ভাবনা করার। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এবং অর্থ পাচার পাশাপাশি, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।”

পুরনো খবর:

‘স্তম্ভিত, হতবাক’
মুদ্রা পাচার: হাই কোর্টে তারেকের ৭ বছর জেল, মামুনের বহাল