২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্তম্ভিত, হতবাক’

মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি নেতা তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দেওয়া হাই কোর্টের রায়ে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 02:31 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

‘উদ্দেশ্যেমূলকভাবে জড়ানো’ মামলার এই রায়ে তাকে ন্যায়বিচার পাননি বলে আপিলে তিনি খালাস পাবেন বলে আশাপ্রকাশ করেছেন তারা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই মামলার রায়ে তারেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ।

সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রাখলেও তাকে বিচারিক আদালতের দেওয়া ৪০ কোটি টাকার অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

Image
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (ফাইল ছবি)

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (ফাইল ছবি)

মামুনের আপিল খারিজ ও দুদকের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণার পর তারেকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের বলেন, “আমরা স্তম্ভিত। হতবাক, সমগ্র জাতি হতবাক।”

আওয়ামী লীগ সরকার দুদককে দিয়ে ‘বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়’ তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বলে বরাবরের মতোই অভিযোগ তুলেন বিএনপির এই নেতা।

“এ মামলায় ট্রায়াল কোর্টে তারা প্রমাণ দিতে পারেনি যে, গিয়াস উদ্দিন মামুন এক টাকাও বিদেশে নিয়েছে। তার পরেও তাকে সাজা দিয়েছে; তারেককে খালাস দিয়েছে। এরপর দুদক আপিল করেছে।”

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের কৌসুঁলিরা একাকার হয়ে গেছেন বলে মন্তব্য করে মাহবুব বলেন, “আজকে আদালতে দেখেছেন অ্যাটর্নি জেনারেল, দুদকের কৌসুঁলি ও আওয়ামী লীগের সকল নেতা ছিলেন, বড় বড় নেতা (আইনজীবী) আদালতে উপস্থিত ছিল।

“আমাদের দৃঢ় বিশ্বাস আপিল বিভাগে ন্যায়বিচার পাব।”

তারেকের আরেক আইনজীবী জয়নুল আবেদীন বলেন, তারেক রহমান কোনো অবস্থাতেই এ মামলায় জড়িত ছিলেন না। সাক্ষ্যপ্রমাণে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে আদালত তাকে নির্দোষ প্রমাণিত করে নিম্ন তাকে খালাস দিয়েছিলেন।

“আমরা মনে করি তারেক রহমানের বিরুদ্ধে আজ যে রায় হয়েছে সেটা যথাযথভাবে হয়নি; তারেক রহমান ন্যায় বিচার পায়নি। কারণ তিনি জড়িত ছিলেন না। … সব কিছুতেই তারেক রহমানকে নিয়ে রাজনীতি হচ্ছে।”

পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে বিচার বিশ্লেষণের পর মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই আইনজীবী।

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা।

খালেদা জিয়ার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক বিভিন্ন মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ আরও দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানীর অভিযোগে কয়েক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আর গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বিএনপি নির্বাহী কমিটির সদস্য। জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে মামুন কারাগারেই আছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোও মুদ্রা পাচারের আরেকটি মামলায় দণ্ডিত হয়েছিলেন। কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে বিদেশে অবস্থানরত অবস্থায় গতবছর তার মৃত্যু হয়। 

রায়ে হাই কোর্ট তারেক রহমানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বিচারিক আদালতকে।

পলতক তারেক রহমান আত্মসমর্পণ করলে বা তাকে গ্রেপ্তার করা গেলে সেই সময় থেকে তার দণ্ড কার্যকর হবে বলে হাই কোর্ট জানিয়েছে।

পুরনো খবর:

মুদ্রা পাচার: হাই কোর্টে তারেকের ৭ বছর জেল, মামুনের বহাল