পুলিশের ভূমিকার ‘প্রশংসায়’ সুইডিশ রাষ্ট্রদূত
গুলশান হামলার পর বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান প্রিজেল প্রশংসা করেছেন বলে দাবি করেছে পুলিশ।
ইউরোপের দেশটির রাষ্ট্রদূত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে দেখা করেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি সম্প্রতি গুলশানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি দুই পুলিশসহ নিহতদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
“তিনি (রাষ্ট্রদূত) বাংলাদেশে অবস্থানরত সুইডেনসহ অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে বিদেশিদের উদ্বেগের প্রেক্ষাপটে আইজিপি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা এবং গৃহীত ব্যবস্থা সুইডেনের রাষ্ট্রদূতকে জানান।
বাংলাদেশ পুলিশের ডিআইজি (অপারেশনস)মো. মাহবুবুর রহমান এবং এআইজি (কনফিডেনসিয়াল) মো. মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
