২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধানতা দরকার: আইনমন্ত্রী

বাংলাদেশসহ বিশ্বে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় নিশ্চিন্ত হওয়ার অবকাশ কম থাকায় পুলিশ মন্ত্রীদের সাবধান করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

পুলিশের পক্ষ থেকে মন্ত্রীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে সাবধান করে দেওয়া হচ্ছে-এ খবরের বিষয়ে জানতে চাইলে একথা জানান তিনি।

নেপাল আইন কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার নিজের দপ্তরে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় আনিসুল হকের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ব্যাপারটা হচ্ছে, ১ জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। এই ঘটনার থেকে আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে।

“যখনই যে তথ্যাদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পান না কেন, প্রয়োজন অনুসারে সে সব তথ্য বিশেষভাবে নিরাপত্তার জন্য সরকারে আসীন আছেন, তাদের তারা জানান। সেই ধারাবাহিকতায় ডিএমপির কমিশনার আমাদেরকে জানিয়েছিলেন, যে তাদের কাছে ‘এই সংবাদ’ আছে। সেই সংবাদ অনুসারে আমরা যেন একটু সাবধান হই।”

‘সংবাদ’টি কী-সেটি অবশ্য খোলাসা করেননি আইনমন্ত্রী।

গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলার আগে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তিনি বলেছেন, কোথায় হামলা হবে, তা নিশ্চিত ছিলেন না তারা।

Image
আনিসুল হক (ফাইল ছবি)

আনিসুল হক (ফাইল ছবি)

সতর্কতার কারণে মন্ত্রীরা চলাফেরা সঙ্কুচিত করছে কি না- এ প্রশ্নে আনিসুল বলেন, “দেখেন, সঙ্কুচিত বলব না। এরপরও শহীদ মিনারে র‌্যালি হয়েছে। ২০-২১ তারিখ আবার সেই র‌্যালি হবে। এগুলো করার সময় যতটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ততটুকু সাবধানতা যেন অবলম্বন করা হয়।”

তবে নিজে এখনও শঙ্কা বোধ করছেন না বলে জানান তিনি।

মন্ত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “আমার মনে হয় না যে আমাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আছে, তা আমরা মনে করি পর্যাপ্ত আছে।

“সারা দেশের লোককে নিরাপত্তা দেওয়ার জন্য যা করা প্রয়োজন, যে জনবল নিয়োগ করা প্রয়োজন, সেটা করা হচ্ছে। আমার মনে হয় যে, এই থ্রেটটা অনেকটা কমে এসেছে।”

হামলা হোক বা না হোক, সাবধান হওয়ার উপর জোর দিয়ে আইনমন্ত্রী বলেন, “এটা আপনারা দেখেছেন, ফ্রান্সে কী ঘটেছে, ইউএসএ-তে কী ঘটছে। সেইক্ষেত্রে আমরা মনে হয়, আমাদের কিন্তু নিশ্চিত হওয়ার অবকাশ খুব কম।

“সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। সকলকে সাবধানতা অবলম্বন করতে আমরা অনুরোধ করছি।”