লালবাগে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার, আটক ২
রাজধানীর লালবাগ এলাকার একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে চারটি বোমা সদৃশ বস্তুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ১২টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানান ডিএমপি লালবাগ বিভাগের অতিরিক্ত-কমিশনার নাজির আহমেদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একজনের দেওয়া তথ্যে ভিত্তিতে লালবাগ থেকে থেকে কয়েকগজ পশ্চিমে একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে কসটেপ মোড়ানো চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
“ছোট কাছের বোতলের মধ্যে লাল ও কালো কসটেপ মোড়ানো রয়েছে। এইগুলো বোমা কিনা তার পরীক্ষা করা হচ্ছে।”
যে দোকান থেকে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়েছে সেই দোকানের মালিক ও তথ্যদাতাকে থানায় এনে জিজ্ঞাসবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের অতিরিক্ত কমিশনার নাজির।
তথ্য দাতাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ওই দোকানদারকে ফাঁসানোর জন্য বিষয়টি সাজানো কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।”
