২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ যুদ্ধাপরাধীর ফাঁসি, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামালপুরের তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

মাসুম বিল্লাহ

মহিউদ্দিন ফারুক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 11:50 AM

Updated : 11 Oct 2022, 08:31 PM

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই রায় ঘোষণা করে।

রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এর মধ্যে আসামি মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারীকে প্রাণদণ্ড দিয়ে আদালত রায়ে বলেছে, সরকার ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।

এ মামলার বাকি পাঁচ আসামি অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’, এস এম ইউসুফ আলী, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আবুল হাশেম ও হারুনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। 

আসামিদের মধ্যে শামসুল ও ইউসুফ রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আমৃত্যু সাজার রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন তারা।

বাকিদের পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাদের আত্মসমর্পণ করতে হবে।  

এই আট আসামি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার ও আল-বদর বাহিনীতে যোগ দেন।

সে সময় জামালপুরের বিভিন্ন এলাকায় তারা যেসব মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটান, তা এ মামলার বিচারে উঠে এসেছে।

এই রায়ে ‘সন্তুষ্ট নন’ জানিয়ে কারাগারে থাকা দুই আসামি শামসুল ও ইউসুফের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেছেন তারা আপিল করবেন।

অন্যদিকে প্রসিকিউটর তুরিন আফরোজ এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, রায় দেখে পর্যালোচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ২৫টি মামলার ৪৪ আসামির মধ্যে মোট ২৬ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার আদেশ হল।

যার যেমন সাজা

 

ঘটনা

আসামি

  সাজা

১

একাত্তরের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামালপুরে অপহরণ, নির্যাতন, লুটপাট,  অগ্নিসংযোগ এবং  স্বাধীনতাকামী এক হাজার লোককে হত্যা।

শামসুল হক ও এস এম ইউসুফ আলী

প্রমাণিত হয়নি

২

১৯৭১ সালের ৭ জুলাই থেকে ১৪ জুলাই এবং ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত জামালপুরের সরিষাবাড়ী থানার মইষ ভাদুরিয়া ও ধূপদহ গ্রামে অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ।

শরীফ হোসেন

মো. আশরাফ হোসেন

মো. আব্দুল মান্নান

মো. আব্দুল বারী

হারুন

আমৃত্যু কারাদণ্ড

মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড

আমৃত্যু কারাদণ্ড

৩

১৯৭১ সালের ১০ জুলাই রাত ৩টার দিকে জামালপুরের সিঅ্যান্ডবি রোডের (পুরাতন) দয়াময়ী লেনের মল্লিক ভিলা থেকে মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ নুরুল আমীনকে অপহরণ করে হত্যা।

শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, মো. আবুল হাশেম, শামসুল হক ও এস এম ইউসুফ আলী

সবার আমৃত্যু কারাদণ্ড

৪

জামালপুরের আশেক মাহমুদ ডিগ্রি কলেজকে নির্যাতন কেন্দ্র বানিয়ে একাত্তরের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সেখানে বহু মানুষকে অনেককে আটকে রেখে নির্যাতন ও হত্যা।

শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল বারী

সবার আমৃত্যু কারাদণ্ড

৫

১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামালপুরের পিটিআই হোস্টেলকে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করে হাজারখানেক নিরস্ত্র মানুষকে আটকে রেখে নির্যাতন ও হত্যা।

শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, মো. আবুল হাশেম, শামসুল হক ও এস এম ইউসুফ আলী

প্রমাণিত হয়নি

আসামিদের মধ্যে গ্রেপ্তার দুজনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় সোমবার সকাল ৯টার দিকে।

কিছু সময় ট্রাইব্যুনালের হাজতখানায় রেখে সকাল সাড়ে ১০টার দিকে তাদের তোলা হয় কাঠগড়ায়। এর পরপরই তিন বিচারক আসন গ্রহণ করেন।

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের সূচনা বক্তব্যের পর ২৮৯ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত সার পড়া শুরু করেন বিচারপতি মো. সোহরাওয়ারদী। এরপর বিচারপতি শাহিনুর ইসলাম রায়ের আরেকটি অংশ পড়েন। সবশেষে সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

আশরাফ হোসেন: অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের ১ জানুয়ারি জামালপুরের সদরের মিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করা মো. আশরাফ হোসেন (৬৪) মুক্তিযুদ্ধের সময় তখনকার জামালপুর মহকুমার ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন। আশেক মাহমুদ কলেজে ইন্টারমিডিয়েটে ভার্তি হলেও তা শেষ করেননি।

একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর পর আশরাফের নেতৃত্বেই জামালপুরে আল-বদর বাহিনী গঠিত হয়। যুদ্ধে পাকিস্তানের পরাজয় ঘটলে তিনি ওই এলাকা ছেড়ে পালিয়ে পাটনা চলে যান এবং বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন বলে প্রসিকিউশনের তথ্য।  

আব্দুল মান্নান: প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ১৯৪৮ সালের ২ নভেম্বর কাচারিপাড়ায় গ্রামে জন্মগ্রহণ করা আব্দুল মান্নান (৬৬) ১৯৭১ সালে জামালপুরের ইসলামী ছাত্র সংঘের সক্রিয় সদস্য ছিলেন। তিনিও আশেক মাহমুদ কলেজের ছাত্র ছিলেন, তবে উচ্চ মাধ্যমিক পাস করতে পারেননি। 

দেশ স্বাধীন হওয়ার পর মান্নান আর রাজনীতিতে সক্রিয় হননি বলে মামলার অভিযোগপত্রের ভাষ্য।

আব্দুল বারী: মো. আব্দুল বারী (৬২) ১৯৬৯ সালে জামালপুরের আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বহুদিন তিনি কাজ করেছেন ইরানি দূতাবাসে। ওই কাজ ছাড়ার পর একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন তিনি।

১৯৭১ সালে বারী জামালপুরের ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। তবে দেশ স্বাধীন হওয়ার পর আর রাজনীতিতে সক্রিয় হননি বলে রাষ্ট্রপক্ষের ভাষ্য।

শরীফ আহমেদ: জামালপুর সদরের কাচারিপাড়া গ্রামে জন্মগ্রহণ করা শরীফ আহমেদ ওরফে শরিফ হোসেন (৭১) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পর ধনবাড়ী কলেজের প্রভাষক ছিলেন। স্বাধীনতার পর তিনি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় কাজ করেন।

১৯৭১ সালে শরীফ জামালপুরে জামায়াতে ইসলামীর নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় না থাকলেও পেশাগতভাবে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের ভাষ্য।

হারুন: ১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করা হারুন (৫৮) রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আবুল হাশেম: প্রসিকিউশন বলছে, ইসলামী ছাত্র সংঘের রাজনীতিতে যুক্ত মো. আবুল হাশেম (৬০) ১৯৭১ সালের পাকিস্তান পুলিশে যোগ দেন। ১৯৭৩ সালে চাকরি থেকে অপসারিত হলে ব্যবসা শুরু করেন তিনি। 

শামসুল হক: মো. শামসুল হক (৭৫) ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। পরে ১৯৬৯ সালে তিনি জামালপুর বারের আইনজীবী হন ও আইন পেশায় কাজ শুরু করেন।

১৯৬১ সালে জামালপুর আশেক মাহমুদ কলেজের ভিপি ছিলেন শামসুল। ১৯৭০ সালে তিনি জামায়াতে যোগ দেন এবং  গ্রেপ্তার হওয়ার সময়ও তিনি দলে সক্রিয় ছিলেন বলে রাষ্ট্রপক্ষের ভাষ্য।

ইউসুফ আলী: সিংহজানি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা এস এম ইউসুফ আলী (৮৩) জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন দেশ স্বাধীন হওয়ার আগে। জামায়াতের মনোনয়নে ১৯৭০ সালে এমএনএ নির্বাচন করে পরাজিত হন তিনি।

২০০২ সালে স্কুলের চাকরি থেকে অবসরে যাওয়া ইউসুফ সাম্প্রতিক সময়ে রাজনীতিতে যুক্ত ছিলেন না বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। 

মামলা বৃত্তান্ত

# গত বছর ২৯ এপ্রিল এই আট আসামির বিরুদ্ধে প্রসিকউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

# ২ মার্চ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন নয়াপাড়ার বাড়ি থেকে শামসুল ও ফুলবাড়িয়ার জাহেদা শফির মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ।

# নিয়ম অনুযায়ী বাকিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত বছরের ২২ জুলাই। কিন্তু তারা তা করায় এবং পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারায় তাদের পলাতক দেখিয়েই মামলার বিচার শুরুর সিদ্ধান্ত হয়।  

# যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

# গত বছর ১৮ নভেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্য ও জেরার কার্যক্রম।

# চলতি বছর ১৪ জুন পর্যন্ত প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জন এ মামলায় সাক্ষ্য দেন।

# প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে চলতি বছর ১৯ জুন আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

# আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করের প্রসিকিউটর তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। অন্যদিনে গ্রেপ্তার দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও গাজী এম এইচ তামিম। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস সোবহান তরফদার।