২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসি কর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

এছাড়া মহাপরিচালকের দুটি পদ ছাড়াও ১২ জন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

রোববার বিটিআরসির পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদের স্বাক্ষরিত তিনটি অফিস আদেশে এ পরিবর্তনের কথা জানানো হয়।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পুনর্বিন্যাস সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, কমিশনার (স্পেকট্রাম) বিভাগ পদটি শূন্য থাকায় বিভিন্ন শাখার কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়ন ও তদারকির সুবিধায় এ দুটি পদে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

গত ১৭ জুন বিটিআরসি কমিশনার (স্পেকট্রাম বিভাগ) এটিএম মনিরুল আলম মারা যান। এর পর থেকে পদটি শূন্য রয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শাহাজাহান মাহমুদ প্রশাসন এবং অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের দায়িত্ব পালন করবেন।

ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানকে দেওয়া হয়েছে সিস্টেম ও সার্ভিসেস এবং স্পেকট্রাম বিভাগের দায়িত্ব। ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি অর্থ, হিসাব ও রাজস্ব এবং সিস্টেম ও সার্ভিসেস বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন।

ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আহসান হাবিব খান স্পেকট্রাম বিভাগে মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

অন্য এক আদেশে ইঞ্জিনিয়ারিং ও অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদকে সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক করা হয়েছে।

সিস্টেম ও সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারীকে ইঞ্জিনিয়ারিং ও অপারেশন বিভাগের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

আরেকটি আদেশে সংস্থার বিভিন্ন বিভাগের কর্মরত ১২ জন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

পুরনো খবর:

বিটিআরসি কমিশনার মনিরুল মারা গেছেন
বিটিআরসির ভাইস চেয়ারম্যান হলেন আহসান