২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসি কমিশনার মনিরুল মারা গেছেন

টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কমিশনার (স্পেকট্রাম বিভাগ) এটিএম মনিরুল আলম মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 04:47 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বিটিআরসি সচিব সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে সোমবার থেকে ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনিরুল আলম। শুক্রবার দুপুরে তিনি মারা যান।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগে মনিরুল পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালন করে আসছিলেন।

শুক্রবার বাদ আসর ধানমণ্ডি মসজিদ উত-তাকওয়ায় জানাজা শেষে বনানী করবস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সরওয়ার আলম।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রিধারী এটিএম মনিরুল কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও তরঙ্গ ব্যবস্থাপনা কমিটি (স্পেকট্রাম কমিটি) চেয়ারম্যান ছিলেন।

১৯৭৭ সালে স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনে সহকারী ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিজীবন শুরু করেন মনিরুল। পরে তিনি পিডিবি এবং তৎকালীন বিটিটিবিতে যোগ দেন।

মনিরুল আলমের জন্ম ১৯৫২ সালে, ফরিদপুরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ কমিশনার কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।