গুলশান শোলাকিয়া ও নিসে হামলা: সংসদের নিন্দা-ক্ষোভ
রাজধানীর গুলশান, কিশোরগঞ্জের শোলাকিয়া এবং ফ্রান্সের নিস শহরে জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয় সংসদ।
রোববার বিকেলে অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠকের শুরুতেই গুলশানে এবং শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের নাম পড়ে শোক প্রকাশ করেন।
এ সময় বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলায় নিহতদের উদ্দেশে শোক প্রকাশ করেন।
স্পিকার এসময় নিহতদের আত্নার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সংসদের পক্ষ থেকে সমবেদনা জানান।
স্পিকার এসময় বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদ এসকল সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।”
গত ১ জুলাই গুলশানে দেশের নজিরবিহীন জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হয়। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে প্রবেশ পথে সন্ত্রাসী হামলায় মারা যান ২ পুলিশ সদস্য। ওই ঘটনায় গুলিতে স্থানীয় এক গৃহবধু ঝর্ণা রানী ভৌমিকের মৃত্যু হয়।
এছাড়া বাস্তিল দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে আতশবাজির প্রদর্শনী উপভোগের পর হাজারো মানুষ যখন সাংস্কৃতিক পরিবেশনার অপেক্ষায় এমন সময় ট্রাকটি জনতার উপর উঠিয়ে দেওয়া হয়।
প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে মানুষের উপর দিয়ে চালিয়ে দেওয়া ওই ট্রাক কেড়ে নেয় ৮৪টি প্রাণ, যাদের অন্তত ১০ জন শিশু।
সাধারণত সংসদ অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
চলমান এই অধিবেশন শুরু হয় গত ১ জুন। ৩০ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হওয়ার পর অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি করা হয়।
