২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঞ্চিতদের শিক্ষা দিতে অনলাইন স্কুল করার পরিকল্পনা

ইউনিয়ন পর্যায়ে অনলাইন স্কুল ছড়িয়ে দিয়ে বঞ্চিত শিশুদের উন্নত শিক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 09:02 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

একইসঙ্গে সরকারি বেসরকরি উদ্যোগে (পিপিপি) তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য, কৃষি ও শিক্ষাসহ প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে সেবাদানে উদ্যোগী দুটি প্রতিষ্ঠানকে অনুদানের চেক হস্তান্তর ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে পলক এ কথা বলেন।

আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশে ৩০ হাজার তথ্যকল্যাণী ও প্রতিটি ইউনিয়নে অনলাইন স্কুল গড়ে তোলা হবে।

তিনি বলেন, “ডিনেট এর ইনফো-লেডি ও জাগো ফাউন্ডশনের জাগো স্কুল মডেলের মাধ্যমে ২০২১ সালের মধ্যে অন্তত ত্রিশ হাজার তথ্যকল্যাণী এবং সারা দেশের সকল জেলা, উপজেলা ও ইউনয়িনে একটি করে অনলাইন স্কুল গডে ওঠা পর্যন্ত আইসিটি ডিভিশন সহযোগিতা করে যাবে।”

এই দুই সংস্থার সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর আলাদা আলাদা দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

পরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে উভয় সংস্থাকে আলাদাভাবে ৩৯ লাখ ৯৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডিনেট এর প্রধান নির্বাহী অনন্য রায়হান ও জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ।