অনলাইনে পরিশোধ করা যাবে গাড়ির ফি
নিবন্ধন, ডাইভিং লাইসেন্স, ফিটনেস, ট্যাক্স, মালিকানা বদলসহ যানবাহনের সব ধরনের ফি অনলাইনে পরিশোধের সুযোগ আসছে।
সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যানবাহনের ট্যাক্স ও বিভিন্ন ফি অনলাইন ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে সংগ্রহে সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ১৩৬ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকায় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম পাঁচ বছরের জন্য বিআরটিএ’র বিভিন্ন সেবা ক্রয়ের কাজটি পেয়েছে।
“বিভিন্ন সেবা ক্রয়ের যে দর নির্ধারণ করা আছে সে অনুযায়ী প্রতিষ্ঠানটি টাকা নেবে, নির্ধারিত দরের বেশি নিতে পারবে না।”
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদনের ফলে বিআরটিএ যত ধরনের সেবা দিয়ে থাকে তার সবগুলোই এর (অনলাইন) অন্তর্ভুক্ত হবে।
ফাইল ছবি
ক্রয় কমিটির সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা সংরক্ষণের জন্য পদ্মা নদীর ডানতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ৩ দশমিক ৭২ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ সেনাবাহিনী পরিচালতি বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন পেয়েছে, এতে ব্যয় হবে ১৭৬ কোটি ৫০ লাখ টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইড হাসপাতাল স্থাপন প্রকল্পে কোরিয়ার একটি জয়েন্টভেঞ্চার কোম্পানি ১৩৫ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকায় পরামর্শক সেবা নিয়োগের কাজ পেয়েছে।
অতিরিক্ত সচিব মোস্তাফিজুর জানান, রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থ বছরে কানাডা, বেলারুশ ও রাশিয়া থেকে যথাক্রমে তিন লাখ টন করে মোট নয় লাখ মেট্রিকটন আমদানিকৃত এমওপি সারের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দরে ‘রিসিভার্স ও পরিবহণ এজেন্ট’ নিয়োগে মোট ২৯০ কোটি ১৭ লাখ ১৩ হাজার ৪৭৫ কোটি টাকায় কাজ পেয়েছে মেসার্স প্রোটন ট্রেডার্স।
“২০১৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ী, দাখিল ও দাখিল ভোকেশনাল স্তরে ৫ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৮৫৫ কপি বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবারহে ১৪৫টি লটে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৬৮ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার টাকার কাজ দেওয়া হয়েছে।”
মোস্তাফিজ জানান, ২০১৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং এসএসসি ভোকেশনাল স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরিতে ১৯ হাজার মেট্রিকটন মুদ্রণ কাগজ ও ১৩ হাজার টন কার্টিজ কাগজ কিনতে নয়টি লটে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৬১ কোটি ৩৪ লাখ ১৩ হাজার টাকার কাজ দিয়েছে সরকার।
এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় বিভিন্ন সেক্টরের সারফেস ড্রেনসহ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে নয়টি লটে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৯১ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার কোটি টাকার দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
পূর্বাচল প্রকল্পের অভ্যন্তরীণ আরও কয়েকটি কাজে নয়টি লটে ২২৬ কোটি ১৩ লাখ ৫৪ হাজার টাকার ক্রয় প্রস্তাবে ক্রয় কমিটি সায় দিয়ে দিয়েছে বলেও জানান মোস্তাফিজ।
তিনি বলেন, একই দিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) জন্য সরকারি ক্রয় পদ্ধতিতে আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ একটি ‘পেজার’ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
