২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও ডেকেছে সরকার

জঙ্গি কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার নতুন নতুন তথ্য আসার প্রেক্ষাপটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদেরও বৈঠকে ডেকেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 02:45 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

আগামী ২৩ জুলাই সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠকের এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক সমিতির প্রতিনিধি, শিক্ষাবিদ ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে ওই কর্মকর্তা জানান।

ওই বৈঠকের আগেই ১৭ জুলাই দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়; সেখানে শিক্ষামন্ত্রীও থাকবেন।

বর্তমানে বাংলাদেশে ৩৮টি সরকারি এবং ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে ৩৭টি সরকারি এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

গত ১ জুলাই গুলশানের জঙ্গি হামলার পর সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের ছবি প্রকাশ করে আইএস। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের গুলিতে এক যুবক নিহত হন।

এই ছয়জনের মধ্যে চারজনই বিভিন্ন ব্যয়বহুল ইংরেজি মাধ্যমের স্কুলে লেখাপড়া করেছেন। তাদের দুইজন ঢাকার নামি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, একজন ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের।

এর আগে গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় যে আটজনের সাজার আদেশ হয়েছে, তাদের মধ্যে সাতজনই নর্থ সাউথের শিক্ষার্থী ছিলেন।

কোনো তরুণ বাড়ি পালিয়ে জঙ্গি দলে ভিড়েছে কি না- তা জানতে পরিবারের কাছে তথ্য চেয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী টানা দশ দিন অনুপস্থিত থাকলে সে তথ্য সরকারকে জানাতে হবে।

পুরনো খবর:

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ডেকেছে সরকার