ধলেশ্বরীর তীরে দ্বীন ফার্নিচারের স্থাপনা অপসারণে ‘বাধা কাটল’
ঢাকার ধলেশ্বরী নদীর তীরে থাকা দ্বীন ফার্নিচারের কারখানার স্থাপনা অপসারণ করতে হাই কোর্টের দেওয়া নির্দেশনা বহাল রয়েছে।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে দ্বীন ফার্নিচারের পক্ষে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
এর ফলে ধলেশ্বরী নদীর তীরে থাকা ওই স্থাপনা অপসারণে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন রিট আবেদনকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কেরানীগঞ্জ থানার চর গলগলিয়ায় ধলেশ্বরী নদীর তীরে ওই কারখানার অবস্থান। নদী জরিপের পিলার ১১ ও ১২ এর মাঝে ৯০ x ১৫০ বর্গফুট জায়গা জুড়ে নদীর তীরে কারখানাটির অবৈধ স্থাপনা।
নদী দখল করে ওই স্থাপনা নির্মাণ নিয়ে সংবাদপত্রে খবর এলে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত বছরের ২৩ নভেম্বর হাই কোর্টে রিট আবেদন করে।
প্রাথমিক শুনানি নিয়ে ৩ জানুয়ারি হাই কোর্ট রুল দেওয়ার পাশাপাশি সার্ভে টিম গঠন করে জরিপ চালাতে নির্দেশ দেয়।
ওই নির্দেশনার প্রেক্ষিতে প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করে চলতি বছরের ৮ মে আদালতে প্রতিবেদন দাখিল করে, যাতে দ্বীন ফার্নিচারের অবৈধ স্থাপনা আছে বলে নিশ্চিত করা হয়।
এ বিষয়ে শুনানি নিয়ে হাই কোর্ট ২৫ মে আরেক আদেশে ওইসব স্থাপনা ত্রিশ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দেয়।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে দ্বীন ফার্নিচার কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়।
ওই আবেদনের ওপর ১৬ জুন শুনানি শেষ হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আপিল বিভাগ আদেশ দেয়।
আদালতে দ্বীন ফার্নিচারের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী মো. আবদুল হান্নান।
