২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি নির্মূলে যত কঠোর হতে হয় হব: প্রধানমন্ত্রী

জঙ্গিবিরোধী কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,জঙ্গিবাদ নির্মূলে সরকারকে যত কঠোর হতে হয় ততটাই হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 05:06 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে তিনি একথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

গুলশান ও শোলাকিয়ায় হামলার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “দেশের ভাবমূর্তি বেড়ে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হচ্ছে,তখনই এই হামলা। প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করব। জনগণই আমার ভরসা।”

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সব দেশের ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়সহ সকলে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে।”

বাংলাদেশেও যে কোনো মূল্যে জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “যত কঠোর হতে হয় হব,জঙ্গিবাদ নির্মূল করা হবে।”

এজন্য দেশের মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নজরদারির কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশবাসীকে সতর্ক থাকার তাগিদ দিয়ে ওয়ার্ড, ‍ইউনিয়ন ও জেলা-উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটি গঠন এবং কমিউনিটি পুলিশকে আরও শক্তিশালী করার কথা বলেন তিনি।

মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার থামানো যাবে না।”

যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্র নিখোঁজ থাকলে,তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

গুলশানের হলি আর্টিজান ক্যাফে এবং ঈদ জামাতের আগে শোলাকিয়ায় হামলাকারীদের তিনজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এ নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “উচ্চ শিক্ষিত ছেলেরা ধর্মান্ধ হবে ভাবিনি। সাধারণ মানুষ ধর্মভীরু,ধর্মান্ধ না।”

গুলশানে কমান্ডো অভিযানে নিহত নর্থ-সাউথ বিশ্ববিদালয়ের ছাত্র নিবরাজ ইসলাম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহান বিনতে ইমতিয়াজ এবং শোলাকিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নর্থ-সাউথের ছাত্র আবীর রহমান কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন।

এ বিষয়টি মাথায় রেখে অভিভাবকদের প্রতি সন্তানদের খোঁজ-খবর রাখতে বলেন শেখ হাসিনা।

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদী মতবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,“শিক্ষকদের মধ্যে কারা এগুলো করছে?”

তিনি বলেন, “ধর্মচর্চা বাদ দিয়ে মানুষ হত্যা করা হয়েছে।এরা কোন ধরনের মানুষ?

“এরা এশার নামাজ না পড়ে মানুষ হত্যা করে, ঈদের জামাতে না গিয়ে নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালায়।”

বাংলাদেশে গুম ও নিখোঁজ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “মানবাধিকার সংস্থাগুলো গুম নিয়ে অনেক রিপোর্ট করেছে। এরা কী ধরনের গবেষণা করছে?

“স্বেচ্ছায় যারা নিখোঁজ হচ্ছে, তাদের ব্যাপারে রিপোর্ট দেয় না। তারা কলেজ আর বিশ্ববিদ্যালয়ের খবর নিচ্ছে না।”

এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাজের মান নিয়ে উষ্মা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের দেশেও কিছু লোক আছে, যারা বাইরের দেশে বদনাম করে আত্মতৃপ্তি পায়।”

গণমাধ্যমে গুলশানের ক্যাফেতে কমান্ডো হামলার সমালোচনার পাল্টা সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “এই কমান্ডো অ্যাকশনটা সফলতার সাথে করেছে। এটাকে উৎসাহ না দিয়ে কোনো কোনো কাগজে সমালোচনা করা হয়েছে। তারা সফল অভিযানকে ব্যর্থ দেখাচ্ছে।”

ওই ক্যাফে থেকে ১৩ জনকে জীবিত উদ্ধারের ঘটনাকে ‘রেয়ার’ বলে মন্তব্য করেন তিনি।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি নিজেই গ্রেনেড হামলার শিকার।

“সে সময় আমাদের উদ্ধারের বদলে টিয়ার গ্যাস ছোড়া হয়, লাঠি চার্জ করা হয়; যেন হামলাকারীরা নিরাপদে পালাতে পারে।”

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে আহসান উল্লাহ মাস্টার ও শাহ এ এস এম কিবরিয়া হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে জঙ্গিবাদের বীজ বপন করা হয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা,মুখ্য সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাভুক্ত সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।