২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা ঢাকায় বৃষ্টি বিড়ম্বনা

জীবন ও জীবিকার প্রয়োজনে সারা দেশ থেকে ঢাকায় জড়ো হওয়া অর্ধ কোটির বেশি মানুষ ঈদের ছুটিতে গ্রামে চলে যাওয়ায় আবারও ফাঁকা হয়ে গেছে ঢাকা ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 10:52 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ঈদের আগে পাওয়া বাড়তি এই দিনে যাদের প্রয়োজনীয় কাজ সারতে বের হতে হয়েছিল, বৃষ্টির ভোগান্তিতে পড়তে হলেও ফাঁকা রাস্তায় স্বস্তি উপভোগ করেছেন তারা।

নতুন বাজার গুলিস্তান রুটের বাসে চলাচলকারী হামিদ আলী বলেন, “রাস্তায় চলতে তেমন একটা যানজট নাই। ফলে স্বস্তিতে চলতে পারছি।”

তবে একই গাড়ির এক যাত্রী কামরুল ইসলাম বলেন, “যানজট না থাকলেই যাত্রী ভোগান্তি কম হয় না। এখন রাস্তা ফাঁকা থাকলেও গাড়িওয়ালারা জায়গায় জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাখছে।”

অবশ্যই এরপরও স্বস্তির কবর পাওয়া গেল কামরুলের কণ্ঠে।

“চারদিকে দেখে মনে হয়, আহ ঢাকা শহর যদি এমন থাকতো।”

রাস্তায় যানজট না থাকায় সন্তোষ প্রকাশ করে সিএনজি চালক মো. সেলিম বলেন, “যাত্রী একটু কম। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো জায়গায় একটানে চলে যাওয়া যায়।”

ফার্মভিউ সুপার মার্কেটের দোকানি ফরহাদ হোসেন বলেন, ঢাকায় যারা ঈদ করেন, তাদের অনেকে চাঁদ রাতে শপিং করতে বের হন। তবে ২৯ তারিখে চাঁদ দেখা না গেলে এরাই পরদিন নেমে পড়েন। শেষ দিনের কেনাকাটায় মূলত তারাই ক্রেতা হিসাবে আসেন।

রাজধানীর তেজকুনীপাড়ার বাসিন্দা হারুন অর রশিদ বলেন, “ঈদে ঢাকায় থাকলে এই শহরটার প্রতি মায়া বাড়ে। কত ভালোভাবে চলাফেরা করা যায়...। তবে বৃষ্টির কারণে বেশ সমস্যা হয়েছে। বৃষ্টিটা না থাকলে খুবই ভাল হত।”

তবে আদাবরের মার্জিয়া রহমান শাওলিনের মতে, ঈদে যেভাবে নগর ‘ফাঁকা’ বলা হয়, আসলে এখন আর সেভাবে ‘তেমন ফাঁকা’ হয় না।

বুধবার নগরীর বিভিন্ন জায়গায় ভিড় আর যানজটের কবলে পড়তে হয়েছে বলে জানান তিনি।

“তবে একটা কথা বোঝা যায় যে জনসংখ্যার বাহুল্য না থাকলে ময়লা, নোঙরা, এলোমেলো ঢাকাকেও হঠাৎ করে ভালোলাগতে শুরু করে।”

এককেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থার বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসারও প্রধান কেন্দ্র ঢাকা। জীবিকার প্রয়োজনে সারা দেশের মানুষ এখানেই ভিড় করে। ঢাকায় আসা এই মানুষদের পদচারণায় বছরের বাকিটা সময় সরগরম থাকে এই নগরী।

মুসলিম প্রধান বাংলাদেশের প্রধান দুই ধর্মীয় উৎসব দুই ঈদে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়লেও সঠিক কোনো হিসাব পাওয়া যায় না।

ঈদে বাড়ি ফেরার এই আয়োজনে যাত্রাপথের ভোগান্তিও মানুষের নিত্য সঙ্গী। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাত্রা পথের ভোগান্তির কারণে সাম্প্রতিক বছরগুলোতে ঈদে ঢাকায় থেকে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছিল। তবে এবার দীর্ঘ ছুটির কারণে গত বছরের চেয়ে বেশি মানুষ গ্রামের পথ ধরেছে বলে ধারনা করা হচ্ছে।

চার লেন হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহারকারীরা বেশ স্বস্তিতেই বাড়ি যেতে পেরেছেন এবার। তবে মঙ্গলবার উত্তরবঙ্গমুখী যাত্রীদের টাঙ্গাইলে দীর্ঘ যানজটের কবলে পড়তে হয়েছে।