২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবককে কুপিয়ে, গুলি করে হত্যা

চট্টগ্রামে ‘পূর্ব শত্রুতার জের ধরে’ এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার খবর দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা এলাকার স্টেশন কলোনি ধোপার মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে ওই থানার এসআই বদরুদ্দোজা জানান।   

নিহত মো. শফিক (২৮) আইস ফ্যাক্টরি রোড বাস্তুহারা কলোনির বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে।  

স্থানীয়রা পুলিশকে বলেছেন, মাদক ব্যবসার বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের হয়ে থাকতে পারে।

তাদের ভাষ্য, স্টেশন কলোনি ধোপার মাঠ এলাকায় মাদকের কারবার নিয়ন্ত্রণ করে আসছিলেন কামাল, রুহুল আমিন ও মোক্তারসহ কয়েকজন। এলাকার আধিপত্য নিয়ে সম্প্রতি কামালের সঙ্গে মোক্তার ও আমিনের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে কামাল পুলিশের হাতে গ্রেপ্তারও হন।

জামিনে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার রাতে কামাল দলবল নিয়ে ধোপার মাঠে যায় এবং সেখানে শফিককে পেয়ে কুপিয়ে ও গুলি করে জখম করে চলে যায় বলে স্থানীয়দের তথ্য।  

থানার এসআই বদরুদ্দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়ে রাতে তারা শফিকের লাশ উদ্ধার করেন।

কি কারণে শফিককে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।