গুলশানে হামলার নিন্দা ইরানের
ঢাকার গুলশানের ক্যাফেতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি এক বিবৃতিতে বলেন, “অমানবিক এ হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক। আমাদের সবাইকে এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ভয়াবহ হুমকি এই সন্ত্রাসবাদকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে হবে।”
শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।
প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।
অভিযানে ছয় জঙ্গি নিহত ও সন্দেহভাজন একজনকে জীবিত আটকের খবর জানানো হয়।
বাহরাম কাশেমি বলেন, সন্ত্রাসীরা প্রমাণ করেছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিপন্নের জন্য সন্ত্রাসবাদের কোনো সীমানা নেই।
“বর্বর এসব অপরাধকে দমন করতে দ্বৈতনীতি নেওয়া হলে তা এ অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করবে,” বলেন ইরানি মুখপাত্র।
বিশ্বের সব শান্তিপ্রিয় দেশের এ ধরনের উগ্রবাদী দলের সহযোগীদের উপর চাপ সৃষ্টি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাড়া দেয়ারও আহ্বান জানান তিনি।
মুখপাত্র সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে প্রচারের উপরও গুরুত্ব দেন।
