ঢাকায় হতাহতে ভুটানের সাবেক রাজার শোক
ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভুটানের সাবেক রাজা ও বর্তমান রাজার বাবা জিগমে সিংহে ওয়াংচুক।
রোববার থিম্পুর রাষ্ট্রীয় অতিথি ভবন র্যাভেন হাউজে সাবেক রাজার সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাক্ষাৎ করতে গেলে জিগমে সিংহে শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসী হামলার শিকার হয়ে হতাহতের ঘটনায় রাজা শোক প্রকাশ করেন এবং এর সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ায় জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।”
“রাষ্ট্রপতি এসময় মহান মুক্তিযুদ্ধে ভুটানের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথম স্বীকৃতিদানকারী দেশে হিসেবে বাংলাদেশের জনগণের হৃদয়ে ভুটানের জন্য বিশেষ স্থান রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।”
প্রেস সচিব বলেন, “রাজা এবং রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং কার্যকর করতে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
“ভুটানের পণ্য বাংলাদেশে রপ্তানিতে সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভুটানও বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, পাট, চামড়াজাত পণ্য ও মৌসুমি সবজিসহ বিভিন্ন পণ্য তার বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে সহযোগিতা করবে।”
