দাতব্য ট্রাস্ট মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়েছে
জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ফের পিছিয়ে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার আসামিপক্ষের আবেদনে শুনানি পিছিয়ে ১১ অগাস্ট পরবর্তী দিন রাখেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার।
বকশীবাজারের অস্থায়ী আদালতে খালেদার পক্ষে এ মামলায় হাই কোর্টের একটি আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে বলে তার আইনজীবী আব্দুর রেজাক খান আত্মপক্ষ সমর্থন পেছানোর আবেদন করেন।
সময় আবেদনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এ নিয়ে সপ্তমবারের মতো পিছিয়ে গেল খালেদার আত্মপক্ষ সমর্থন।
এর আগে গত ৭, ১৭ ও ২৫ এপ্রিল, ৫ ও ১৯ মে ও ২ জুন খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে যায়।
এ মামলায় অপর দুই আসামি বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।
২০১১ সালের ৮ অগাস্ট দুদকের করা এই মামলায় পরের বছর ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার অপর আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী।
এদিকে একই আদালতে জিয়া এতিমখানা মামলায় প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক হিসাব রক্ষক মাজেদুল আলীর সাক্ষ্য নেওয়া হয় বৃহস্পতিবার।
এ মামলায় আগামী ১৪ জুলাই তার সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ রাখা হয়েছে।
