২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কপিরাইট আইন বাস্তবায়নে শিল্পীদের সচেতন হওয়ার আহ্বান

কপিরাইট আইন কার্যকর করতে গোটা শিল্পী সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 04:16 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘কপিরাইট আইন ও শিল্পীর অধিকার’ শীর্ষক এক সেমিনারে পরিষদের নেতারা এ আহ্বান জানান।

সেমিনারে ‘কপিরাইট আইন ও শিল্পীর অধিকার’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান।

দীর্ঘদিন ধরে কপিরাইট নিয়ে কাজ করে আসা এ সরকারি কর্মকর্তা নিজের লেখা ‘বুদ্ধিভিত্তিক সম্পদ ও কপিরাইট আইন’ এবং ‘কপিরাইটের নানা প্রসঙ্গ’ দুটি বই নিয়ে আলোচনা শুরু করেন।

তিনি বলেন, “আমরা এখনও শিল্পীদের অধিকার আদায়ের জন্য কার্যকর কোনো ভূমিকাই নিতে পারেনি। প্রতিদিন শিল্পীরা ঠকছেন, নানাভাবে প্রতারিত হচ্ছেন। যথাযথ ব্যবস্থা নিতে পারলে শিল্পীদের আজ পথে বসতে হত না, বিপদে কারো দ্বারস্থ হতে হত না।”

গ্রামীণফোনের বিরুদ্ধে শিল্পীর অনুমতি ছাড়া ওয়েলকাম টিউন ও রিংটোন হিসেবে গান ব্যবহারের অভিযোগ এনে তিনি বলেন, “এ রীতিমতো গর্হিত ও বেআইনি কাজ। তারা প্রায়ই মূল গানের বিকৃতি করছে।”

গ্রামীণফোনের দিকে অভিযোগের আঙুল তোলেন তাদেরই প্যানেল আইনজীবী ব্যরিস্টার এ বি এম হামিদুল মেজবাহ।

শীর্ষ এই মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে ওয়েলকাম টিউনে ‘ভুল’ নজরুলসঙ্গীত ব্যবহারের অভিযোগ তুলে

তিনি বলেন, “আমি সঙ্গীতশিল্পীদের ইস্যুটি নিয়ে কাজ করছি। আমি কিন্তু গ্রামীণফোনকে ছাড়িনি। আমি তাদের সঠিক সুর ব্যবহারে বাধ্য করেছি। প্রবীণ নজরুল সঙ্গীতশিল্পী সুধীন দাশ পরে সংশোধন করেন।”

২০০৬ সালে গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে ‘একাত্তরের চিঠি’ সংকলনে মেধাস্বত্ত্ব আইনের ব্যত্যয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

“মুক্তিযোদ্ধাদের পরিবার কিংবা স্বজনদের কাছ থেকে চিঠিগুলো উদ্ধার করেছে প্রথম আলো। কিন্তু প্রথম আলো তাদের বলেনি, চিঠিগুলো নিয়ে প্রকাশিত সঙ্কলনটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে। এটি সুস্পষ্টভাবে কপিরাইট আইনের লঙ্ঘন।

“প্রথম আলোর মতো ক্ষমতাশালী পত্রিকার বিপক্ষে তখন কে কথা বলত!”

সঙ্গীতশিল্পী রফিকুল আলম অভিযোগ করেন, সিডি প্রকাশনা সংস্থাগুলো কপিরাইট আইনের ফাঁকফোকর গলে শিল্পীদের প্রতিনিয়ত ঠকাচ্ছে। শিল্পীদের মধ্যে একটি দল ‘টাকার বিনিময়ে’ সিডি প্রকাশ ও প্রচারণা করায় দুষ্কৃতিকারীরা ফায়দা লুটছে বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে অন্যদের মধ্যে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ,

প্রবীণ সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, বিটিভির পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ বক্তব্য রাখেন।

সঙ্গীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, মাহমুদ সেলিম, বাংলা একাডেমির উপ-পরিচালক শাহাদাৎ হোসেন নিপু, শিল্পী অনিমা মুক্তি প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।