উত্তরায় অস্ত্র-গুলি উদ্ধার: তদন্তভার কাউন্টার টেররিজমে
রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি দল তাদের সহযোগিতা করবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ জানান।
“অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা জিডির তদন্ত করবে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দায়িত্বে থাকবেন অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন। তদন্তে সহায়তা করবে ডিবির ছয় সদস্যের একটি কমিটি।”
সহায়তা কমিটির প্রধান করা হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলমকে। সদস্য সচিব হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার খন্দকার নুরুন্নবী।
কমিটিতে আরও রয়েছেন, অতিরিক্ত উপ-কমিশনার আশিকুর রহমান, মাহফুজুল ইসলাম, গোলাম মোস্তফা রাসেল ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুমিত জোয়ারদার।
মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানান নাজমুল।
“আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। কমিটি প্রথমে একটি সভা করবে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করা হবে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ত্রের আলামত এখনও হাতে আসেনি। সেগুলো হাতে আসার পর নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপর বোঝা যাবে ওই অস্ত্রগুলো কোথায় তৈরি বা বিক্রি হয়; কিংবা কোথায় পাওয়া যেতে পারে।”
শনিবার বিকালে উত্তরার দিয়াবাড়ির একটি খাল থেকে ৯৭টি, ৪৬২টি ম্যাগাজিন, এক হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি তৈরির ছাঁচ উদ্ধার করে পুলিশ।
এ বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ‘সাধারণ অপরাধীদের নয়’ বলে মন্তব্য ছানোয়ারের।
‘তদন্তের স্বার্থে’ বেশি কিছু বলতে চাননি এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশে ‘জঙ্গিবাদের উত্থান ও উগ্রবাদ ঠেকাতে’ পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ কাজ করছে।
“কাউন্টার টেরোরিজমের আর্মস এনফোর্সমেন্ট দল দেশে বড় ধরনের কোন জঙ্গি বা উগ্রবাদ কিংবা যেকোন বড় ইস্যুর তদন্ত করবে,” বলেন ছানোয়ার।
