২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণদের জন্য ভিন্ন রঙের এনআইডি নয়: ইসি

দেশের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ভিন্ন রঙের জাতীয় পরিচয়পত্র দেওয়া ‌‘সমীচীন হবে না বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার এ সংক্রান্ত কমিশনের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠিতে জানান ইসির সহকারী সচিব মো. লুৎফুল কবীর সরকার।

জাতীয় প্রবীণ নীতিমালার আলোকে নেওয়া কর্মপরিকল্পনা বাস্তাবায়নের অগ্রগতি প্রতিবেদন উপলক্ষ্যে এ চিঠি দেয় জাতীয় পরিচয়পত্র প্রদানকারী সাংবিধানিক সংস্থাটি।

চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্রের সর্বজনীনতা রক্ষার স্বার্থে সব নাগরিকের জন্য একই রং, নকশা ও তথ্যাদি থাকা যুক্তিযুক্ত বিবেচিত হওয়ায় প্রবীণদের জন্য ভিন্ন জাতীয় পরিচয়পত্র করা সমীচীন হবে না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে ‘সিনিয়র সিটিজেন’ বা প্রবীণদের বিষয়ে কোনো তালিকা তৈরিতে সহায়তা প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভোটার তথ্যভাণ্ডার ব্যবহারসহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ প্রভৃতি নিতে পারবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

২০১৩ সালে ৬০ বছর বয়সীদের ‘প্রবীণ’ হিসেবে সংজ্ঞায়িত করে ‘জাতীয় প্রবীণ নীতিমালা’ অনুমোদন দেয় সরকার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে, দেশে ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষের সংখ্যা প্রায় দেড় কোটি, যা মোট জনসংখ্যার ৭ দশমিক ৪ শতাংশ।

বর্তমানে দেশে মানুষের গড় আয়ু ৬৮ বছর।

প্রবীণদের জন্য ভিন্ন রঙের ‘জাতীয় পরিচয়পত্র প্রণয়ন এবং তা সম্ভব না হলে’ সিনিয়র সিটিজেন কার্ড তৈরির বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতা দেওয়া সংক্রান্ত এ রকম প্রস্তাব আগেও এক দফা নাকচ করে দিয়েছিল ইসি।

মঙ্গলবার পুনরায় কমিশনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তত্ত্বাবধানে ভোটারদের তালিকাভুক্ত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এ বছর থেকে স্মার্টকার্ড দেওয়ার প্রক্রিয়াও চলছে।

পুরনো খবর:

১ কোটি ৩০ লাখ প্রবীণ পাচ্ছেন জ্যেষ্ঠ নাগরিকের স্বীকৃতি
জ্যেষ্ঠ নাগরিকদের আলাদা পরিচয়পত্রের বিপক্ষে ইসি