প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘বড় অর্জন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর বাংলাদেশের জনগণের জন্য একটি বড় অর্জন বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রেস সচিব একটি লেখায় বলেছেন, “সৌদি বাদশাহসহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে উচ্চতায় তুলে ধরেছেন, তা বাংলাদেশের জনগণের জন্য একটি বড় অর্জন।
“আমার দৃঢ় বিশ্বাস, এই সফর সৌদি আরবের সাথে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক উন্নয়নে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক রচনা করেছে।”
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে একটি ‘নবযুগের সূচনা’ করবে বলেও মন্তব্য করেন ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের এই লেখায় চলমান যুদ্ধাপরাধীদের বিচারে সৌদি আরবের মনোভাবের বিষয়টিও উঠে এসেছে।
ইহসানুল করিম লিখেছেন, “আরেকটি বিষয় লক্ষণীয়, দেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গোটা সফরকালে সৌদি নেতৃত্ব একটি কথাও বলেননি। এতে প্রমাণিত হয়, সৌদি সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাতে পছন্দ করেন না।”
ইহসানুল করিম
‘সৌদি সফর : অনন্য উচ্চতায় প্রধানমন্ত্রী’ শীর্ষক ইহসানুল করিম তার লেখার শুরুতেই বলেছেন, “শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের সরকার প্রধানই নন, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং অব্যাহত সাফল্য তাকে বিশ্বনেতায় পরিণত করেছে।”
সৌদি আরবে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা, লাল গালিচা সম্মান ও গার্ড অফ অনারের পাশাপাশি বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আব্দুল আজিজের উপস্থিত থাকার কথা বলেন তিনি।
“প্রধানমন্ত্রীর সম্মানে কিং ফয়সাল প্যালেসে নৈশ ভোজের আয়োজন, জেদ্দার রয়েল কনফারেন্স প্যালেসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের আবাসস্থল নির্ধারণ - সবই ছিল রাজকীয় আয়োজনে পরিপূর্ণ। এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব যে সম্মান দেখিয়েছে, তা এককথায় বিরল।”
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি বাদশাহর আন্তরিকতাপূর্ণ আচরণের কথাও তুলে ধরেন ইহসানুল করীম।
“বাদশাহ সালমান বাংলাদেশকে সমগ্র মুসলিম উম্মাহর মধ্যে একটি শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।”
“সৌদি তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উজ্জ্বল উদাহরণ। মুসলিম বিশ্ব নারীদের উন্নয়নে অনেক কিছুই করতে পারে যার প্রমাণ শেখ হাসিনা,” বলেন প্রেস সচিব।
