ওষুধ খাতের নৈরাজ্য বন্ধে চালু হচ্ছে ‘অনলাইন রিপোর্টিং’
ওষুধ খাতের নৈরাজ্য ঠেকাতে ‘অনলাইন রিপোর্টিং’ কার্যক্রম শিগগিরই জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, নকল ওষুধ এবং বেশি দামে ওষুধ বিক্রির বিষয়ে অনলাইন ভিত্তিক রিপোটিংয়ের জন্য ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন শীর্ষক একটি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
“এটুআই প্রোগ্রামের পরামর্শক্রমে ও সহায়তায় মেসার্স টেকনোভিস্টা লিমিটেড নামক একটি সফটওয়্যার ডেভেলপিং প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটি সম্পাদন করেছে, যা অচিরেই জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।”
মন্ত্রী জানান, এ সফটওয়্যারের মাধ্যমে জনগণ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে রিপোর্ট করতে পারবে, ওষুধের নির্ধারিত মূল্য যাচাই করা সম্ভব হবে।
“এছাড়া নকল ওষুধ সম্পর্কে স্বল্প সময়ে নিশ্চিত হওয়া এবং ওষুধ সংক্রান্ত যে কোনো অভিযোগ দ্রুত দাখিল করতে পারবে মানুষ,” বলেন নাসিম।
এসময় মন্ত্রী ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ মে পর্যন্ত সারাদেশে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি জানান, ওই সময়ে এক হাজার ৯৯৭টি মামলা দায়ের এবং পাঁচ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড দেওয়া ছাড়াও ৬৮টি প্রতিষ্ঠান সিলগালা এবং ২৭ কোটি টাকার ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকের সংখ্যা ৭৭ হাজার এবং ডেন্টাল সার্জন (বিডিএস) ছয় হাজার ৯৭৬ জন। মুঞ্জুরিকৃত নার্সের সংখ্যা মোট ২২ হাজার ৯৩৯ জন।
চাহিদার তুলনায় চিকিসক এবং সেবিকার এ সংখ্যা পর্যাপ্ত নয় জানিয়ে তিনি বলেন, বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
“১০ হাজার সেবিকার নতুন পদ সৃজন করা হয়েছে। এরমধ্যে তিন হাজার ৬১৬ শূণ্য পদে সেবিকা নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।”
পল্লী চিকিৎসকরা চিকিৎসা পেশায় স্বীকৃত সনদধারী নন বলে তাদের নিবন্ধন দেওয়ার বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে আরেক প্রশ্নের জাবাবে সংসদকে জানান মন্ত্রী।
এক প্রশ্নে তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণে আইনে তামাক ব্যবহার নিষিদ্ধ করা হয়নি।
“বাংলাদেশ সরকার স্বাস্থ্যের কথা বিবেচনা করে ২০০৫ সালে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ এবং ২০০৬ সালে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ প্রণয়ন করে।
“২০০৫ সালে প্রণীত আইনকে ফ্রেমওয়ার্ক কনভেনশন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে ২০১৩ সালে সংশোধন করা হয় এবং ২০১৫ সালে এর বিধিমালা প্রণয়ন করা হয়।”
অন্য এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় মুমূর্ষু রোগীদের জরুরি সেবা দিতে হাইওয়ে সংলগ্ন উপজেলা হাসপাতালগুলোয় পর্যায়ক্রমে ট্রমা ইউনিট স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে।
