ট্রাকের ধাক্কায় খুঁটি উপড়ে যানজট গাবতলীতে
মালবাহী ট্রাকের ধাক্কায় একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে সড়কের উপর পড়ায় রাজধানীর পশ্চিমের প্রবেশমুখ গাবতলীতে মধ্যরাতে যানজটের ধকল পোহাতে হয় দূরগামী বাসযাত্রীদের।
সোমবার রাত পৌনে ১২টার দিকে গাবতলী টার্মিনাল ছাড়িয়ে পর্বত প্রেক্ষাগৃহের সামনে বৈদ্যুতিক একটি খুঁটে উপড়ে পড়ে এই যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খুঁটিটি উপড়ে সড়কের উপর হেলে আছে। খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছড়িয়ে পড়েছে সড়কে। মিরপুরমুখী যে ট্রাকটি ওই খুঁটিকে ধাক্কা দিয়েছে, সেটিও ফুটপাতের কাছে পড়ে আছে।
এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য দারুস সালাম থানার এসআই মো. কামাল।
গাবতলী টার্মিনাল থেকে উত্তরাঞ্চলের প্রায় সব জেলায় এবং ফরিদপুর, খুলনা ও বরিশাল অঞ্চলের অধিকাংশ জেলার উদ্দেশে রাতে অনেক বাস ছেড়ে যায়।
এই দুর্ঘটনার কারণে গাবতলী থেকে কোনো বাস বের হতে পারছিল না। আবার বিভ্ন্নি জেলা থেকে কোনো বাস ঢুকতেও পারছিল না। ফলে উভয় পাশে কয়েকশ গাড়ির লাইন সৃষ্টি হয়।
রাত সোয়া ১২টার পর তারগুলো কেটে সড়ক থেকে সরানো হলে গাড়ি চলাচল শুরু হয়।
