কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী
এশিয়া ও ইউরোপের সংস্কৃতিমন্ত্রীদের সপ্তম সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আগামী ২২-২৪ জুন দক্ষিণ কোরিয়ার গুয়াংজো মেট্রোপলিটন সিটির এশিয়া কালচার সেন্টারে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে অংশ নিতে সোমবার রাতে দক্ষিণ কোরিয়া রওনা হবেন মন্ত্রী।
এ সফরে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে থাকছেন বাংলা একাডেমির অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কিম জংডিওকের আমন্ত্রণে আসাদুজ্জামান নূর সম্মেলনে যোগ দিচ্ছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘কালচার ও ক্রিয়েটিভ ইকোনমি’।
এ সম্মেলনে ‘ফিউচার অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অ্যান্ড দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’, ‘কালচারাল হেরিটেজ অ্যান্ড দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’ এবং ‘ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফর ভাইটালাইজিং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ বিষয়ে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী ২৩ জুন ‘কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি’ বিষয়ে বক্তব্য দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগামী ২৬ জুন দেশে ফিরবেন মন্ত্রী।
