ডিওএইচএস-এ ‘৫ তলা থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক বাড়ির পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে ১১ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
নিহত আন-নাহার ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৫২ নম্বর বাড়ির লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমানের বাসায় কাজ করত বলে পল্লবী থানার ওসি দাদন ফকির জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চম তলার বারান্দা থেকে মেয়েটি নিচে পড়ে যায় বলে বাড়ির নিরাপত্তাকর্মীরা দাবি করেছেন।
“ঘটনার সময় ওই বাসার লোকজন ইফতারের দাওয়াতে বাইরে ছিলেন। বাসায় আন-নাহারের সঙ্গে ছিলেন রেশমা (২০) নামের আরেকজন গৃহকর্মী।
“সন্ধ্যায় দারোয়ানরা আন-নাহারকে নিচে পড়ে থাকতে দেখে রেশমাকে ইন্টারকমে জানায়। পরে বাড়ির আরেক বাসিন্দার গাড়িতে করে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।”
সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ঠিক কীভাবে এ ঘটনা ঘটল, এটি দুর্ঘটনা, নাকি মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছে, এসব প্রশ্নের কোনো উত্তর পুলিশ জানতে পারেনি।
