ইউপি নির্বাচনে সরকারের সহযোগিতা পায়নি ইসি: সুজন
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের বিভিন্ন দপ্তর থেকে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটি তারা পায়নি বলে দাবি করেছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, “এবারে দলীয় প্রতীকের নির্বাচনে প্রকাশ্যে সহিংসতা, কেন্দ্র দখল, কারচুপির যে ট্রেন চালু হয়ে গেল, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকলে ভবিষ্যৎ অন্ধকার।
“সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সরকারের কোনো দপ্তর থেকে সহযোগিতা পায়নি। কমিশন ও সরকার ১৪৫ জন নিহত হওয়ার ঘটনাকে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বলেছে। আমরা বলতে চাই, এখানে নিরবচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: একটি সার্বিক মূল্যায়ন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।
এতে প্রথমবারের মতো দলীয় প্রতীকের ইউপি নির্বাচনকে ‘দখলদারমূলক’ নির্বাচন বলে আখ্যায়িত করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন।
“টার্গেট কিলিং করে দেশের গণতন্ত্রকে নসাৎ করা যাবে না। কিন্তু দলীয় প্রতীকের নাম দিয়ে যেভাবে দখলদারমূলক নির্বাচন চলছে তাতেই গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।”
ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদে প্রধান বিরোধী দল উভয়ের ভূমিকাকে ‘প্রশ্নবিদ্ধ’ মন্তব্য করে বিএনপিকেও ‘অসংগঠিত ও বিশৃঙ্খল’ বলছে সুজন।
লিখিত বক্তব্যে সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, “এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল উভয়ের ভূমিকাই প্রশ্নবিদ্ধ।
“স্থানীয় পর্যায় থেকে শুরু করে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলে কম-বেশি মনোনয়ন বাণিজ্য চরম আকারে দেখা গেছে। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীরা প্রতিযোগিতার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড পায়নি।”
আওয়ামী লীগ এই নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নি দাবি করে দিলীপ কুমার বলেন, “তাদের দলীয় নেতৃত্ব সততা, যোগ্যতা, অর্থ ও পেশিশক্তির কাছে পরাজিত হয়েছে। তারা অন্যান্য দলের পাশাপাশি মহাজোট তথা ১৪ দলের শরিকদের সঙ্গেও বেপরোয়া ও হিংসাত্মক আচরণ করে পারস্পরিক আস্থাহীনতার কাজ করেছে।
“অপরদিকে বিএনপি যে অসংগঠিত ও বিশৃঙ্খল তা এই নির্বাচনে দলটির ভূমিকায় পুরোপুরি প্রমাণিত হয়েছে। দলটির নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায় নি।”
স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সখ্যতার কারণে তরুণ ভোটাররা বিএপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পর্যবেক্ষণ দিয়ে ভবিষ্যতে ‘ত্যাগের মানসিকতা নিয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ কোনো চ্যালেঞ্জ মোকাবেলা’ দলটির পক্ষে সম্ভব কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন সুজনের সমন্বয়ক দিলীপ।
সংবাদ সম্মলেন সুজনের নির্বাহী সদস্য ও কলামনিস্ট আবুল মকসুদ সদস্য বক্তব্য রাখেন। অন্যদের সুজন সদস্য মো. জাহাঙ্গীর ও মুজবাহ আলীম উপস্থিত ছিলেন।
