২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাবনগর-বনশ্রীতে জলাধারের তালিকা দিতে নির্দেশ

ইস্টার্ন হাউজিংয়ের আফতাব নগর-বনশ্রী প্রকল্প এলাকায় কতগুলো জলাধার বা জলাভূমি রয়েছে তার তালিকা তৈরি করে ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পরিবেশ সচিবকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 11:54 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

এ কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপককে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করার নির্দেশনা দিয়ে আদালত বলেছে, আদেশ হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে পরিবেশ সচিব ওই কমিটি গঠন করবেন; আর কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবেন।    

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গত ২৬ মে এ আদেশ দেয়, যার সত্যায়িত অনুলিপি বৃহস্পতিবার হাতে পান আপিল বিভাগে আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।

ছয় সদস্যের ওই কমিটিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পরিবেশ বাঁচাও আন্দোলন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি, রাজউক (পরিচালক, পরিকল্পনা) ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের একজন সার্ভেয়ারকে রাখতে বলা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগর-বনশ্রী প্রকল্প এলাকায় জলাধার ও জলাশয় সংরক্ষণের জন্য নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছর আদালত রুল দেয়।

রিট আবেদনকারীপক্ষ জানায়, রুলে ওখানকার জলাধার সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না এবং সংরক্ষণে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয়।

পাশাপাশি ওই এলাকায় থাকা জলাধার ও জলাশয়ের তালিকা দিতে নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও রাজউক জানায়, ওখানে জলাধার নেই।

তবে এ তথ্য সঠিক নয় বলে সম্পূরক এক আবেদনে ওই প্রকল্প এলাকায় কতগুলো জলাধার বা জলাভূমি রয়েছে তা নির্ণয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন করে রিট আবেদনকারী। এর ওপর শুনানি নিয়ে চলতি বছরের ১০ মে হাই কোর্ট ওই সম্পূরক আবেদনটি খারিজ করে দেয়।

এ খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে রিট আবেদনকারীপক্ষ, যার ওপর শুনানি নিয়ে ১০ মে আপিল বিভাগ হাই কোর্টের আদেশ বাতিল করে লিভ টু আপিল নিষ্পত্তি করে ওই নির্দেশ দেয়।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে ইস্টার্ন হাউজিংয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক।

আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগের আদেশের প্রত্যায়িত অনুলিপি হাতে পেয়েছি। হাই কোর্টে সম্পূরক আবেদন খারিজ হয়। তবে মূল রিট আবেদনের প্রেক্ষিতে হওয়া রুল এখনও বিচারাধীন।

“আপিল বিভাগের নির্দেশনা অনুসারে এখন ইস্টার্ন হাউজিংয়ের ওই প্রকল্প এলাকায় কতগুলো জলাধার ও জলাশয় রয়েছে তা পরিদর্শন করে কমিটিকে হাই কোর্টে প্রতিবেদন দিতে হবে, কারণ রুল হাই কোর্টে শুনানির অপেক্ষায়।”

প্রতিবেদন দেওয়ার পর এর ওপর শুনানি হবে বলে জানান আবেদনকারী পক্ষের এই আইনজীবী।