২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশক হত্যাচেষ্টায় গ্রেপ্তার আনসারুল্লাহ সদস্য সুমন রিমান্ডে

শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সুমন হোসেন পাটোয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বুধবার রাতে গ্রেপ্তার সুমনকে বৃহস্পতিবার ঢাকার আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন করে গোয়েন্দা পুলিশ।

রিমান্ড আবেদনে গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী বলেন, “আনসারুল্লাহ বাংলা টিমের এ সদস্য টুটুলকে হত্যার জন্য চেষ্টা করে।”

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির ৫ দিন রিমান্ডের আদেশ দেন বলে আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

আসামি সুমনের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি। ২০ বছর বয়সী এই তরুণ সিহাব, সাকিব, সাইফুল নামও নেয় বলে পুলিশ জানিয়েছে।

লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে হামলার পর সন্দেহভাজন যে জঙ্গিদের গ্রেপ্তারের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে সুমনও ছিলেন।

হামলার সময় টুটুলের মাথায় সুমন তিন বার চাপাতি দিয়ে আঘাত করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান।

২০১৫ সালের ৩১ অক্টোবর শুদ্ধস্বর প্রকাশনার অফিসে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলের উপর হামলার একই সময় শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন করা হয় প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে।

Image
শুদ্ধস্বরের এই কার্যালয়ে হামলা হয়েছিল

শুদ্ধস্বরের এই কার্যালয়ে হামলা হয়েছিল

ডিবির উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (সুমন) স্বীকার করেছে।”

গত ১৯ মে সুমন ওরফে সিহাবকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।  তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের কেউ তথ্য দিয়ে সহযোগিতা করেছে কি না, তা জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা মাশরুকুর বলেন, সুমনের বাড়ি চাঁদপুরে হলেও তিনি বড় হয়েছেন চট্টগ্রামের হালিশহরে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করা এই তরুণ আন্দরকিল্লায় একটি মেডিকেল ইকুইপমেন্টের দোকানে সেলসম্যানের কাজ করতেন।

টুটুল হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের সন্দেহ ছিল আনসারুল্লাহ বাংলা টিমকে ঘিরে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল বলেন, গত ১৯ ফ্রেব্রুয়ারি বাড্ডার সাঁতারকুল ও মোহাম্মদপুরে দুটি ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে গোয়েন্দা বিভাগ জানতে পারে, আস্তানা দুটি আনসারউল্লাহ  ‘সামরিক প্রশিক্ষণ কেন্দ্র’ ও ‘বোমা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

ওই অভিযানে গ্রেপ্তার আনসারউল্লাহর দুই সদস্যের দেওয়া তথ্যে ঢাকার আশকোনা ও দক্ষিণখানে  এবং  চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় আরও সাতজনকে।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যেই বিমানবন্দর থানার ওভার ব্রিজ এলাকার একটি বাসস্ট্যান্ড থেকে গত রাতে সুমনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

পুরনো খবর:

পুরস্কারের প্রথম ‘জঙ্গি’ গ্রেপ্তার টুটুল হত্যাচেষ্টায়