বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়ানোয় গুরুত্ব প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ উৎপাদন এবং আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে মালয়েশিয়ার নতুন রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
রাষ্ট্রদূত সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন দ্রুত নিশ্চিত করার কথা বলেন।
দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ায় গুরুত্ব দিয়ে শেখ হাসিনা এসময় বলেন, জ্বালানিসহ আর্থ-সামাজিক খাতের উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা যেতে পারে।
কক্সবাজারের মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে মালয়েশিয়ার দুটি কোম্পানির সঙ্গে চুক্তির জন্য একটি খসড়া প্রস্তাব সম্প্রতি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বুধবার বাংলাদেশে সর্বোচ্চ আট হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথাও প্রধানমন্ত্রী এসময় উল্লেখ করেন।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর কথাও বলেন শেখ হাসিনা।
কারিগরি শিক্ষার ওপর জোর করে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে এখন শিক্ষার বিষয়ে সচেতনতা এবং বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
মালয়েশিয়াও কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত নূর আশিকিন।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মালয়েশিয়ায় প্রথম সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার ওই সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তি রচিত হয়। তারপর থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ভাতৃপ্রতীম সম্পর্ক রয়েছে।
বন্ধুত্বপূর্ণ এ সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবেন বলে প্রধানমন্ত্রীকে বলেন মালয়েশিয়ার নতুন রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।
