স্পারসো বোর্ডে থাকছেন দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান রেখে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব সংসদের অনুমোদন পেয়েছে।
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হকের তোলা ‘বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল- ২০১৬’ বৃহস্পতিবার সংসদে কণ্ঠভোটে পাস হয়।
১৯৯১ সালের আইন সংশোধনের জন্য তোলা বিলটি চলতি বছর ২৬ এপ্রিল সংসদে তোলার পর তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়, এই সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন এই প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করে দেখা যায় যে, এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে, এমন বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হলে তা প্রতিষ্ঠানের জন্য অধিকতর অগ্রগতি ও সাফল্য অর্জনে সহায়ক হবে।”
