২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, লাশ মিলল আরও তিনজনের

জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের মধ্যে সারা দেশে কথিত বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত হওয়ার পাশাপাশি কপোতাক্ষের তীর থেকে আরও তিনটি রক্তাক্ত লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 12:48 AM

Updated : 11 Oct 2022, 08:23 PM

পুরনো খবর:

কপোতাক্ষের তীরে ৩ লাশ, পুলিশ বলছে ‘গণপিটুনি’
যশোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
সরাইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ পুলিশ হত্যার আসামি নিহত

যশোর, পাবনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে ছয়জনের নিহত হওয়ার এসব ঘটনা ঘটে।

এর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে যশোরের রামনগর, পাবনার ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

আর যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষের তীর থেকে তিনটি রক্তাক্ত লাশ পাওয়ার পর পুলিশ বলছে, ‘ডাকাত সন্দেহে পিটুনিতে’ তাদের মৃত্যু হয়েছে।

অবশ্য স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেছেন, ওই এলাকায় ডাকাতি বা গণপিটুনির কথা তিনি শোনেননি।

দেশ জুড়ে কুপিয়ে ও গুলি করে একের পর এক হত্যাকাণ্ডের মধ্যে চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে একইভাবে হত্যার পর জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

গত কয়েকদিনের এ অভিযানে হাজারের বেশি গ্রেপ্তারের পাশাপাশি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অনেকেই।

এ ধরনের বন্দুকযুদ্ধের ঘটনাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যা’ হিসেবে চিহ্নিত করে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গতবছর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বা ‘ক্রসফায়ারে’ মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-

যশোর

ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার কাটাখাল থেকে রক্তাক্ত অবস্থায় ওই তিন ব্যক্তির লাশ বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করা হয় বলে দাবি করছে পুলিশ।

নিহতদের কারও পরিচয় জানাতে পারেনি পুলিশ।নিহতদের মধ্যে একজনের বয়স ৩০ এর আশেপাশে। বাকি দুজনের চল্লিশের কাছাকাছি বলে স্থানীয়দের ধারণা।

ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, “মঙ্গলবার গভীররাতে ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। তাদের মধ্যে তিনজন ধরা পড়ে এবং পিটুনিতে তারা মারা গেছে বলে আমি শুনেছি।”

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বলেন, তিনিও সকালে লোকমুখে তিনজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যান।

“তবে গতরাতে কারও বাড়িতে ডাকাতির চেষ্টা বা রাতে গণপিটুনির কথা আমি শুনিনি।”

স্থানীয়রা জানায়, কাটাখাল এবং কপোতাক্ষ নদের সংযোগস্থলে ছোট একটি পার্ক করা হয়েছে স্থানীয় পৌরসভার উদ্যোগে। ওই পার্কের ভেতরে কাছাকাছি দূরত্বে পড়ে ছিল রক্তাক্ত লাশগুলো।

সোমবার মধ্যরাতে ওই পার্কের কাছাকাছি এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে তৌহিদুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক এসআই আহত হন। তাকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই ঘটনার মধ্যে কোনো যোগাযোগ আছে কি না- তা জানাতে পারেনি পুলিশ।

তিনজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা ঝিকরগাছা পুলিশের এসআই আকরাম হোসেন চৌধুরী বলেন, “নিহতদের তিনজনের মাথার সামনে, পেছনে এবং কানের পাশে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।”

Image
সরাইলে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর উদ্ধার অস্ত্র

সরাইলে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর উদ্ধার অস্ত্র

এদিকে রামনগরে পুলিশের অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবক ‘ডাকাতি প্রস্তুতির’ নিচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার সতিঘাটা মোড়ে গোলাগুলির ওই ঘটনায় নিহত সোহাগের বয়স আনুমানিক ২৫ বছর। তার ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের ভাষ্য, “ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের টহল দল সেখানে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সোহাগ গুলিবিদ্ধ হয়।”

পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। 

হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানান, “রাতে কোতোয়ালি থানার এসআই নাহিয়ান গুলিবিদ্ধ ওই যুবককে নিয়ে আসেন। মাথায় গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।”

ওসি ইলিয়াস বলছেন, গোলাগুলির স্থান থেকে ধারালো দা ও দড়িসহ ‘ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম’ উদ্ধার করেছেন তারা।

ঠিকানা না পাওয়ায় এ ঘটনায় রুবেলের পরিবারের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে ‘চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত’ বলছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাড়িউরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান।

নিহত জীবন মিয়া (৩২) উপজেলার শাহবাজপুর গ্রামের মহরম আলীর ছেলে।

এ ঘটনায় সরাইল থানার তিন কনস্টেবল আহত হয়েছেন বলেও জানান ওসি।

ওসি রূপক কুমার জানান, রাত ২টার দিকে একদল ‘ডাকাত’ ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউরা ব্রিজের কাছে অবরোধ দিয়ে ডাকাতির চেষ্টা করছে সংবাদ পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

“ওই সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। ওই সময় জীবন গুলিবিদ্ধ হয়ে মহাসড়কের পাশে একটি ঝোপে পালিয়ে যায়।

“পরে পুলিশ তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি বলেন, এ ঘটনায় তিন কনস্টেবল আজিজ, রবিউল ও মেহেদী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত জীবন ‘চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী’। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, পুলিশের অস্ত্র ছিনতাই, নারী নির্যাতনসহ ডাকাতির অভিযোগে থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

পাবনা

পাবনায় পদ্মার চরে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবক পুলিশের এটিএসআই সুজাউল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

নিহত রুবেল হোসেন (২৪) ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ারবাঘইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলছেন, বুধবার ভোর রাতে হার্ডিঞ্জ সেতুর পশ্চিম পাশে ‘পদ্মার চরে আখ ক্ষেতের ভেতরে’ গোলাগুলির ওই ঘটনা ঘটে।

ওসি বিমান কুমার বলছেন, পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল হত্যাকাণ্ডের ‘প্রধান আসামি’ রুবেল এতোদিন পলাতক ছিলেন। মঙ্গলবার বিকালে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ‘তার সহযোগী ইদ্রাককে ধরতে’ রুবেলকে সঙ্গে নিয়েই বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়।

“ভোরের দিকে পদ্মার চরে গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা রুবেলের সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় রুবেল।”

ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

এই অভিযানে একজন এএসআই ও তিনজন কনস্টেবলও আহত হয়েছেন বলে তার ভাষ্য।

রুবেলের পরিবারের কারও সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ ঘটনায় তাদের বক্তব্য জানা যায়নি।