২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

যশোরের রামনগরে ‘ডাকাতি প্রস্তুতির’ খবর পেয়ে পুলিশের অভিযানে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 09:45 AM

Updated : 20 Aug 2022, 12:59 PM

নিহত সোহাগের বয়স আনুমানিক ২৫ বছর। তার ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার সতিঘাটা মোড়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের ভাষ্য।

তিনি বলেন, “ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের টহল দল সেখানে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সোহাগ গুলিবিদ্ধ হয়।”

পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।  

হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাতে কোতোয়ালি থানার এসআই নাহিয়ান গুলিবিদ্ধ ওই যুবককে নিয়ে আসেন।

“মাথায় গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।”

ওসি ইলিয়াস বলছেন, গোলাগুলির স্থান থেকে ধারালো দা ও দড়িসহ ‘ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম’ উদ্ধার করেছেন তারা।

ঠিকানা না পাওয়ায় এ ঘটনায় রুবেলের পরিবারের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ ধরনের বন্দুকযুদ্ধের ঘটনাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যা’ হিসেবে চিহ্নিত করে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গতবছর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বা ‘ক্রসফায়ারে’ মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে।