২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকে যুদ্ধাপরাধীদের প্লট থাকলে ‘ব্যবস্থা’: মোশাররফ

বিএনপি সরকার আমলে যুদ্ধাপরাধীদের নামে রাজউকের প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল কি না- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তা ‘পরীক্ষা করে ব্যবস্থা নেবে’ বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 01:54 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৯৯১ ও ২০০১ সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় সাজাপ্রাপ্ত/অভিযোগে আটক যুদ্ধাপরাধীদের নামে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে কি না- তা পরীক্ষা করা হচ্ছে।”

২০০৬ সালে ‘রাষ্ট্রীয় কাজের স্বীকৃতিস্বরূপ’ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক, সম্প্রতি যার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে।

ওই বছরের ২১ মে রাজউকের বোর্ডসভায় তৎকালীন শিল্পমন্ত্রী নিজামীকে পাঁচ কাঠার একটি প্লট দেওয়া হয়। বনানীর ১৮ নম্বর সড়কের ৬০ নম্বর প্লটটি ১৯৯৫ সালে আজিজুর রহিম নামের এক ব্যক্তিকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যা বাতিল করে দেওয়া হয় নিজামীকে।

এ নিয়ে আগের বরাদ্দগ্রহীতা পূর্ত মন্ত্রণালয়ে সচিব বরাবর অভিযোগ করলে তদন্ত শুরু হয়।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আজিজুর রহিম ওই প্লটের বিপরীতে তিন লাখ টাকা কিস্তি পরিশোধ করার পরও তা নিজামীকে বরাদ্দ দেওয়া হয়। নিজামী প্লটটি বরাদ্দ পাওয়ার পর জামায়াত নেতাদের পরিচালিত মিশন ডেভেলপার লিমিটেডের নামে আমমোক্তারনামা দেন, যা রাজউক অনুমোদিত নয়।

বনানী ঝিলপাড়ে জে ব্লকের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির নাম ‘মিশন নাহার’। নির্মাণ প্রতিষ্ঠান ‘মিশন’ আর নিজামীর স্ত্রী শামসুন নাহার নিজামীর নাম থেকে ভবনটির এ নাম।

আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নে গণপূর্তমন্ত্রী বলেন, “নিয়ম বহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা/সাজাপ্রাপ্ত/অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক কর্তৃক প্লট বরাদ্দ প্রদান করা হয়ে থাকলে তা তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”

কেরানীগঞ্জে প্লট পাবেন এমপিরা

গাজী ম ম আমজাদ হোসেন মিলনের প্রশ্নে গণপূর্ত মন্ত্রী বলেন, দশম সংসদের যেসব সদস্যের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই তাদের জন্য ‘কেরানীগঞ্জ মডেল টাউন’ আবাসিক প্রকল্পে প্লট/ফ্ল্যাট সংরক্ষিত থাকবে।

তিনি জানান, রাজউক কিংবা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন প্রকল্পগুলোতে সংসদ সদস্যসহ সব পেশা/শ্রেণির মানুষের জন্য প্লট/ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে।

‘প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ শিগগির শুরু’

মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিদ্যমান শিক্ষানীতি অনুযায়ী নবম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর হিসেবে বিবেচিত হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে।

নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে ৬১০টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় চালু আছে। এর মধ্যে ৫৪৯টি এমপিওভুক্ত বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

‘কোচিং বাণিজ্যে জড়িতদের বদলির কাজ চলমান’

গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষক দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত আছেন, তাদের অধিকাংশের কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ার প্রবণতা আছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বদলির কাজ চলমান আছে।

এনামুল হকের প্রশ্নে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে শেখ হাসিনা বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বয়স্কভাতা খাতে উপকারভোগীর সংখ্যা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩১ লাখ ৫০ হাজার জনে উন্নীত এবং ভাতা ৪০০ থেকে ৫০০ টাকা করার পরিকল্পনা আছে।

কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী না থাকলে প্রধানমন্ত্রী সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুর পর কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।