২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্লাহ মাস্টার হত্যা: হাই কোর্টের রায় বুধবার

এক যুগ আগে গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আবেদনের ওপর বুধবার রায় দেবে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ৮ জুন এসবের ওপর শুনানি শেষে ১৫ জুন রায়ের দিন ঠিক করে দেয়।

এর মধ্য দিয়ে এক যুগ আগে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডের বিচারের পরিসমাপ্তি হাই কোর্টে শেষ হতে যাচ্ছে। গত ১৪ জানুয়ারি থেকে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও ফৌজদারি বিবিধ আবেদনের উপর হাই কোর্টে শুনানি শুরু হয়ে ৩৪তম দিনে ৮ জুন শুনানি শেষ হয়।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড, সেগুলো বহাল থাকবে বলে আমাদের প্রত্যাশা।”

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।

মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এই সদস্য ছিলেন এলাকায় জনপ্রিয় নেতা।

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুর পর এখন তার ছেলে জাহিদ আহসান রাসেল ওই আসনের সংসদ সদস্য।

ওই ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে এই মামলায় ওই বছরের ১০ জুলাই ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২৮ অক্টোবর ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ৩৪ জন এবং আসামিপক্ষে দুজন সাক্ষ্য দেন।

এই মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, খালাস পান অন্য দুজন।

Image
প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার

প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার

নিম্ন আদালতের রায়ের পর ২২ আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য ২০০৫ সালে হাই কোর্টে আসে। ২২ আসামির মধ্যে ১৪ জন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামি শহীদুল ইসলাম শিপু ও লোকমান হোসেন হাই কোর্টে পৃথক ফৌজদারি বিবিধ আবেদন করেন, শুধু জেল আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কানা হাফিজ।

এসব শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বিষয়গুলো বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন বেঞ্চে পাঠালে চলতি বছরের ১৪ জানুয়ারি শুনানি শুরু হয়।৩৪ তম দিনে ৮ জুন শুনানি শেষে আদালত ১৫ জুন রায় ঘোষণার জন্য দিন রাখে।

দণ্ডিত আসামিরা

মামলার পেপারবুক থেকে পাওয়া তথ্য অনুসারে, আহসান উল্লাহ মাস্টার ও ওমর ফারুক রতন হত্যা ও পরিকল্পনার দায়ে বিচারিক আদালতের রায়ে ২২ আসামির মৃত্যুদণ্ড হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ আসামি হলেন-নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু (পলাতক), মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান মাহবুব, আমির হোসেন, সৈয়দ আহমেদ হোসেন মজনু (পলাতক), জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, শহীদুল ইসলাম শিপু (পলাতক), হাফিজ ওরফে কানা হাফিজ (পলাতক), আনোয়ার হোসেন ওরফে আনু (পলাতক), ফয়সাল (পলাতক), সোহাগ ওরফে সরু, লোকমান হোসেন ওরফে বুলু (পলাতক), আল আমিন (পলাতক), রতন মিয়া ওরফে বড় মিয়া (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির(পলাতক),  জাহাঙ্গীর (পলাতক), রতন ওরফে ছোট রতন (পলাতক), আবু সালাম ওরফে সালাম (পলাতক), মশিউর রহমান ওরফে মনু (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া (পলাতক)। 

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছয় আসামি হলেন-রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর, নুরুল আমিন, মনির ও অহিদুল ইসলাম টিপু (পলাতক)।

খালাস পান কবির হোসেন ও আবু হায়দার ওরফে মিরপুরইয়া বাবু।

পলাতক ৯, দুজনের মৃত্যু

রাষ্ট্রপক্ষ জানায়, মৃত্যুদণ্ড পাওয়া ২২ আসামির মধ্যে আট আসামি পলাতক ও দুজন মারা গেছে।

পলাতক আটজন হলেন-নুরুল ইসলাম দিপু, সৈয়দ আহমেদ হোসেন মজনু, আনোয়ার হোসেন ওরফে আনু, ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, মরকুনের জাহাঙ্গীর, মশিউর রহমান ওরফে মশু ও খোকন।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামির মধ্যে এক আসামি অহিদুল ইসলাম টিপু পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছোট রতন ও আল আমিন মারা গেছেন।

উভয়পক্ষে আইনজীবী যারা

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন, সহকারী অ্যার্টনি জেনারেল বশির আহমেদ। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মনজু নাজনীন ও ইয়াসমিন বীথি।

বাদীপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, আবদুল মতিন খসরু, কাজী সাজাওয়ার হোসেন, নুরুল ইসলাম সুজন, শেখ ফজলে নূর তাপস শুনানিতে অংশ নেন।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন, আবুল কালাম পাটোয়ারী, হেলাল উদ্দিন মোল্লা, রাশেদুজ্জামান বসুনিয়া ও শেখ মোহাম্মদ আলী প্রমুখ।

পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এ এম আজিজুল হক।

পুরনো খবর:

আহসান উল্লাহ মাস্টার হত্যা: হাই কোর্টের রায় ১৫ জুন