২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি ওয়েবসাইট আবার আক্রান্ত

বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট আবারও হ্যাকারদের কবলে পড়েছে; হ্যাকারদের এই গ্রুপ নিজেদের পরিচয় দিয়েছে কসভো লিবারেশন আর্মি হিসেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 10:57 AM

Updated : 11 Oct 2022, 08:22 PM

পুরনো খবর:

‘gov’ বাদে ক্ষুব্ধ ইসি কর্মীরা

সোমবার বিকেল থেকে ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোম পেইজে দেখা যায় কালো প্রচ্ছদপটে লেখা হ্যাকারদের বার্তা- ‘hacked by nofawkX-al’। ওয়েবসাইটের ওপরে তারা বসিয়ে দেয় কসভো লিবারেশন আর্মির প্রতীক।

বিষয়টি ইসির আইটি বিভাগের নজরে আসে মঙ্গলবার সকালে। এরপর তারা ওয়েবসাইটের হোমপেইজ তাদের বাংলা হোম পেইজে রিডাইরেক্ট করে দিলে বেলা সাড়ে ১১টার দিকে আবার গুগল সার্চ থেকে ইসির ওয়েবসাইটে যাওয়ার সম্ভব হয়।    

১৯৯০ এর দশকে যুগস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে কসভোকে আলবেনিয়ার সঙ্গে যুক্ত করতে সশস্ত্র আন্দোলন শুরু করে জাতিগত আলবেনীয়দের নিয়ে গঠিত কসভো লিবারেশন আর্মি। নেটো ও আন্তর্জাতিক বাহিনীর হস্তক্ষেপে সেই যুদ্ধ শেষ হয় ১৯৯৯ সালে। তখন কসভো লিবারেশন আর্মি আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। ওই দলের জ্যেষ্ঠ নেতারা রাজনীতিতেও যোগ দেন। 

সোমবার বিকালে নির্বাচন কমিশনের হোম পেইজ দখল করে নেওয়ার পর সেখানে ইউটিউবের লিংকের মাধ্যমে কসভো লিবারেশন আর্মির অন্যতম প্রতিষ্ঠাতা আদেম জাশারির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তও দেখায় হ্যাকাররা।

ওয়েবসাইটের নিচের অংশ কসভো লিবারেশন আর্মির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে একটি ইমেইল ঠিকানা দেওয়া হয়। কিন্তু কেন বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক করা হলো- সে বিষয়ে কিছু বলা ছিল না কোথাও।

অবশ্য বাংলা ও ইংরেজির জন্য আলাদা ইউআরএল এ নির্বাচন কমিশনের পৃষ্ঠা এবং অন্যান্য পৃষ্ঠায় সব তথ্য আগের মতোই দেখা যায় সে সময়।

ইসির আইটি শাখার সহকারী প্রোগ্রামার আবু নাছের মো. মানছুর হেল্লাজ মঙ্গলবার বেলা ১২টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বরেন, “ওয়েবসাইট হ্যাকড হওয়ার বিষয়টি নজরে আসার পর অল্প সময়ের মধ্যে তা সারিয়ে ফেলা হয়েছে। এখন কোনো ধরনের সমস্যা নেই, স্বাভাবিকভাবে ওয়েবসাইট সচল রয়েছে।”

নিয়মিত ভিত্তিতে আক্রান্ত ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা সাইবার নিরাপত্তা বিষয়ক পোর্টাল জোন এইচ বলছে, nofawkX-al নামের হ্যাকারদের ওই গ্রুপটি গত ১৮ মে এবং ২০১৪ সালের ১৯ জুন আরও অন্তত দুই দফা নির্বাচন কমিশনের হোমপেইজ হ্যাক করে।  

ইসির ওয়েবসাইট বার বার আক্রান্ত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মানছুর হেল্লাজ বলেন, “২০১৪ সালে হ্যাকিংয়ের ঘটনার পর থেকে আমরা সতর্ক আছি। এবারও স্বল্প সময়ে রিকভার করা সম্ভব হয়েছে।”