‘gov’ বাদে ক্ষুব্ধ ইসি কর্মীরা
ওয়েব ঠিকানা পরিবর্তন করে নতুন ‘ডোমেইন নেম’ করার নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরোধিতা করছেন সাংবিধানিক এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
ইসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছে ‘ডোমেইন নেম’ রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা দেওয়ার পর বুধবার তারা বিক্ষোভও করে।
কমিশনের ডোমেইন নেম www.ec.org.bd করতে যথাযথ পদক্ষেপ নিতে সোমবার ইসি বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলীকে চিঠি পাঠায়। বর্তমানে ইসির ওয়েব ঠিকানা www.ecs.gov.bd ।
বিষয়টি জেনে বুধবার বিকালে ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে সংগঠনের মহাসচিব মো. রেজাউল মোস্তফার নেতৃত্বে কর্মচারীরা আইটি শাখার সিস্টেম ম্যানেজারের কক্ষে বিক্ষোভ করে। প্রস্তাবিত নতুন ডোমেইন নেম প্রত্যাহারের দাবি জানান তারা।
স্বাধীন নির্বাচন কমিশনের নামে ‘হীন স্বার্থে’ ওয়েব ঠিকানা পরিবর্তন করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, প্রয়োজনে ইসির জন্যে এক ওয়েব ঠিকানা এবং ইসি সচিবালয়ের জন্য আলাদা ওয়েব ঠিকানা থাকতে পারে।
এই বিষয়ে ইসি সচিবালয়ের আইটি শাখার সিস্টেম ম্যানেজার রফিকুল হক সাংবাদিকদের বলেন, “ইসির সিদ্ধান্ত অনুযায়ী বিটিসিএলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইসির নির্দেশনা পালনের বাইরে আমার করার কিছুই নেই।”
বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, সিদ্ধান্ত না বদলালে কঠোর আন্দোলনে যাবেন তারা।
তবে একজন নির্বাচন কমিশনার বলেন, “এ নিয়ে আন্দোলনের কোনো মানে নেই।”
নতুন ডোমেইন নেম হলে ইসি সচিবালয়ের বর্তমান ওয়েব ঠিকানা আর থাকবে না।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি গঠনের পর গত বছর বাংলাদেশ নির্বাচন কমিশনকে বদলে নির্বাচন কমিশন বাংলাদেশ নাম দেওয়া হয়। পাশাপাশি বিদ্যমান ওয়েব ঠিকানা পাল্টে www.ecbd.org করার প্রস্তাব দেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
ইসি কর্মকর্তারা জানান, ওয়েব ঠিকানা www.ecbd.org করার বিষয়ে বিটিসিএলের সাড়া না পাওয়ায় নতুন করে www.ec.org.bd করার উদ্যোগ নেওয়া হয়।
