ছাত্রলীগের কমিটিতে ‘শিবির’
পদধারী এক নেতার বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর তা নিয়ে বিবাদে ছাত্রলীগের নরসিংদী জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রলীগের দুদিনের বর্ধিত সভার সমাপনী পর্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নরসিংদী জেলা কমিটির আহ্বায়ক কাজী মামুনের বিরুদ্ধে ছাত্রশিবিরের পাশাপাশি ছাত্রদল করার অভিযোগও তোলেন ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক রেহানুল আলম ভূঁইয়া লেলিন।
মামুন ছাত্রদলের জেলা কমিটির সহ-সভাপতি ছিলেন বলে সভাস্থলে বিতরণ করে এক প্রচারপত্র দেখিয়ে দাবি করেন তিনি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (মামুন) বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রমাণ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাময়িকভাবে জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন ও টিএসসি মিলনায়তনে এই বর্ধিত সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি দেশের জেলা শাখার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের উদ্বোধনী পর্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন।
ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, সভায় ওবায়দুল কাদেরে উদ্দেশে একটি প্রশ্ন করতে চান নরসিংদী জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লেলিন।
অনুমতি নিয়ে লেনিন জানতে চান, ছাত্রলীগের কোনো নেতার বিরুদ্ধে ছাত্রশিবির-ছাত্রদল করার অভিযোগ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না?
প্রত্যুত্তরে ওবায়দুল কাদের বলেন, প্রমাণ থাকলে প্রধানমন্ত্রীর কাছে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য জানাবেন।
এরপর দ্বিতীয় দিনের সমাপনী পর্বে বক্তব্যে কাজী মামুনের বিরুদ্ধে ছাত্রশিবির-ছাত্রদল করার অভিযোগ আনেন একই কমিটিতে পদধারী লেলিন।
এক পর্যায়ে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ অন্য অতিথিদের সামনেই বিবাদে জড়িয়ে পড়েন মামুন ও লেলিন। এসময় সভাস্থলে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতারা তাদের নিবৃত্ত করে সভাস্থল ত্যাগ করতে বলেন।
পরে জেলা ছাত্রলীগের এরকম আচরণে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা জেলা কমিটি বিলুপ্তির প্রস্তাব করেন।
তখন কেন্দ্রীয় কমিটির নেতাদের মতামতের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কমিটি বিলুপ্তের কথা ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।
