‘সাঁড়াশি অভিযানে’ আরও ৪৮ ‘জঙ্গি’ গ্রেপ্তার
জঙ্গি দমনে দেশজুড়ে চলা ‘সাঁড়াশি অভিযানে’ আরও ২ হাজার ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনকে কয়েকটি ‘জঙ্গি’ সংগঠনের সদস্য বলছে পুলিশ।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের দ্বিতীয় দিনে গ্রেপ্তারদের মধ্যে ৪৭ জন জেএমবি এবং একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, নড়াইল, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী মহানগর ও চট্টগ্রাম মহানগরে একজন করে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার হয়েছেন।
অন্যদিকে ময়মনসিংহে ২ জন, রাজশাহী জেলায় ৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, নওগাঁয় ৬ জন, বগুড়ায় ৫ জন, জয়পুরহাটে ৬ জন, সাতক্ষীরায় ২ জন ও পঞ্চগড় ২ জন ‘জেএমবি সদস্য’কে গ্রেপ্তার করা হয়।
একমাত্র ‘আনসারুল্লাহ সদস্য’কে বরগুনা জেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
তাদের কাছ থেকে থেকে দুটি বন্দুক, ১ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গানপাউডার, ১৭টি হাতবোমা, ৯টি চাপাতিসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ উগ্রপন্থি বই উদ্ধার করা হয় বলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ার পর এই ‘সাঁড়াশি অভিযানের’র ঘোষণা আসে।
এই অভিযানে নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি বলছে, বিরোধী নেতা-কর্মীদের আটক করাই এই অভিযানের উদ্দেশ্য।
তার প্রতিক্রিয়ায় পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, কাউকে হয়রানি করা হচ্ছে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।
